দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, আওয়ামী লীগের মতো ভারতকে তোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে জামায়াত। এ জন্য দলটির শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
জামায়াত ও আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত এখন থেকেই ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে তিনি তথ্য পেয়েছেন। আওয়ামী লীগ আগে ভারতকে তোষণ করার যে রাজনীতি করত, জামায়াত এখন সেই পথেই হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। জামায়াত এ ধরনের বৈঠকের কথা অস্বীকার করলে তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের গোপন বৈঠক হয়েছে বলেও দাবি করেন রাশেদ খাঁন। তিনি বলেন, এ-সংক্রান্ত তথ্য তাঁর কাছে রয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থা ও অনুসন্ধানী সাংবাদিকদের কাছেও এমন তথ্য রয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে কয়েকজন অনুসন্ধানী সাংবাদিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান রাশেদ খাঁন।
জামায়াতের ভারতবিরোধী বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দিনে ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে রাতে দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা আধিপত্যবাদবিরোধী রাজনীতি হতে পারে না।
বিরোধী দলের খুলনা বিভাগীয় লংমার্চ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে খুলনায় যাওয়ার পর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে লংমার্চ শেষ করার পরিকল্পনা রয়েছে। জামায়াত গোপালগঞ্জে পথসভা করবে না বলে জানিয়েছে উল্লেখ করে তিনি দলটির নেতাদের সেখানে পথসভা করার আহ্বান জানান। তাঁর দাবি, আওয়ামী লীগকে ভয় পেয়ে জামায়াত গোপালগঞ্জে পথসভা বা জনসভা করতে চাইছে না। সেখানে পথসভা করে নিজেদের নৈতিকতার প্রমাণ দিতে দলটির প্রতি আহ্বান জানান তিনি।
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, জামায়াতের ‘জান্নাতের টিকিট’ বিক্রির প্রচারণা আর কাজ করছে না। জাতীয় নির্বাচনে এ ধরনের প্রচারণার মাধ্যমে দলটি মানুষকে বিভ্রান্ত করেছিল বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে এলাকার মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।
এর আগে, ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএম/