দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ছয় আরোহী নিয়ে নিখোঁজ হওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জোশিমঠ ও বদ্রীনাথের মধ্যবর্তী পথে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন ছিলেন। তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটের দিকে বদ্রীনাথ থেকে উড্ডয়নের পর জোশিমঠ উপত্যকার হাতি পর্বত এলাকার কাছে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উত্তরাখণ্ডের বেসামরিক বিমান চলাচল উন্নয়ন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ভিটি-এইচসিএক্স সংকেতযুক্ত হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাত্রা করেছিল। জোশিমঠ উপত্যকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। একই সময়ে এর অবস্থান শনাক্ত করার ব্যবস্থাও কাজ করা বন্ধ করে দেয়। ফলে হেলিকপ্টারটির সুনির্দিষ্ট অবস্থান জানা যায়নি।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের সব হেলিকপ্টারের উড্ডয়ন স্থগিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে রাজ্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জোশিমঠের কাছের ছাই গ্রাম এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন তারা। পুরো পরিস্থিতি তিনি নিজে পর্যবেক্ষণ করছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত অন্যত্র নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আরোহীদের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী।
জোশিমঠের মহকুমা প্রশাসক চন্দ্র শেখর বশিষ্ঠও দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের দল ঘটনাস্থলে যাচ্ছে। তিনিও সেখানে রওনা হয়েছেন।
হেলিকপ্টারটির ছয় আরোহীই পুরুষ। তারা হলেন প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচ এস নটরাজ এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু।
গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত ১২টি হেলিকপ্টার দুর্ঘটনা ও সংশ্লিষ্ট ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি বড় প্রাণঘাতী দুর্ঘটনা এবং সাতটি প্রাণহানিবিহীন ঘটনা। এসব ঘটনার মধ্যে আহত হওয়ার মতো জরুরি অবতরণ, কারিগরি ত্রুটির কারণে বাধ্যতামূলক অবতরণ এবং মাটিতে ঘটে যাওয়া প্রাণঘাতী দুর্ঘটনাও রয়েছে।
গত বছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা করা একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হলে সাতজন নিহত হন।
/অ