দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অ্যাপলের নতুন আইফোন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের শেষ নেই। আইফোন ১৮ প্রো, ১৮ প্রো ম্যাক্স ও আইফোন আল্ট্রা আগামী ৯ সেপ্টেম্বর উন্মোচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে নতুন আইফোনের প্রি-অর্ডার ও বাজারে আসার সম্ভাব্য সময়সূচি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের মূল আয়োজন শেষ হওয়ার পরপরই নতুন আইফোনের প্রি-অর্ডার শুরু হতে পারে। গত বছরের সময়সূচি অনুসরণ করা হলে ১১ সেপ্টেম্বর, শুক্রবার থেকে প্রি-অর্ডার নেওয়া শুরু হতে পারে। তবে বিশ্বের সব জায়গায় একই মুহূর্তে প্রি-অর্ডার চালু হবে, ফলে দেশভেদে স্থানীয় সময় ভিন্ন হবে।
প্রতিবেদন অনুযায়ী, প্রি-অর্ডার শুরুর সম্ভাব্য সময় হবে প্রশান্ত মহাসাগরীয় সময় সকাল ৮টা। যা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ১১টা এবং ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় বিকেল ৪টার সমান।
প্রি-অর্ডারের পর সাধারণত এক সপ্তাহের মধ্যে নতুন আইফোন বাজারে আসে। তবে আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সের খুচরা বিক্রির নির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত নয়।
এদিকে আইফোন ১৮ প্রো নিয়ে বড় ধরনের তথ্য ফাঁসের খবরও সামনে এসেছে। রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে ফোর্বস জানিয়েছে, ভারতের অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিক্স থেকে সরবরাহকারী, যন্ত্রাংশ ও আসন্ন আইফোন ১৮ প্রো মডেলের ছবি-সংবলিত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য ফাঁস আইফোন তৈরির জটিল সরবরাহব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। পাশাপাশি অ্যাপল ও টাটা ইলেকট্রনিক্সের সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান, নকল পণ্য প্রস্তুতকারক এবং সরবরাহকারীরাও এতে উপকৃত হতে পারে।
এদিকে আইফোন ১৮ সিরিজের সঙ্গে আইওএস ২৭-এর পূর্ণাঙ্গ সংস্করণও প্রকাশ করবে অ্যাপল। তবে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস ২৭-এর প্রাথমিক পরীক্ষামূলক সংস্করণ শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, আইওএস ২৭-এর দ্বিতীয় ডেভেলপার বেটা ইতোমধ্যে প্রকাশ হয়েছে। তৃতীয় ডেভেলপার বেটা ৭ বা ৮ জুলাই আসতে পারে এবং এর প্রায় এক সপ্তাহ পর, অর্থাৎ ১৪ জুলাইয়ের দিকে পাবলিক বেটা উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে অ্যাপলের প্রো পণ্যের তালিকায়ও নতুন সংযোজনের প্রস্তুতি চলছে। ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে ফোর্বস জানিয়েছে, ২০২৭ সালের বসন্তে নতুন চারটি আইপ্যাড প্রো মডেল আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। নতুন মডেলগুলোতে বর্তমানের ১১ ও ১৩ ইঞ্চি স্ক্রিনের আকারই রাখা হতে পারে।
নতুন ম্যাকবুক প্রো নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল নতুন নকশার ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো তৈরির প্রস্তুতি নিচ্ছে, যা আগামী বছরের প্রথমার্ধেই বাজারে আসতে পারে। উচ্চতর মডেলের ম্যাকবুকে স্পর্শনির্ভর স্ক্রিন যুক্ত করার যে প্রস্তুতি চলছে, নতুন মডেলটির নকশাতেও তার সঙ্গে সামঞ্জস্য থাকতে পারে।
এদিকে তুলনামূলক কম দামে আইফোন কেনার সুযোগও তৈরি হয়েছে। অ্যাপলের সংস্কার করা পণ্যের বিক্রয়কেন্দ্রে আইফোন ১৬ই যুক্ত হয়েছে। এর দাম শুরু হয়েছে ৪১৯ ডলার থেকে। তবে মজুত সীমিত হওয়ায় পছন্দের মডেল পাওয়া গেলে দ্রুত কেনার পরামর্শ দেওয়া হয়েছে।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কার করা আইফোন ১৬ই অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী নতুন আইফোন ১৭ই-এর চেয়ে ১৮০ ডলার কম দামে পাওয়া যাচ্ছে। তবে এতে ম্যাগসেফ চার্জিং নেই, সি১এক্সের বদলে তুলনামূলক ধীর সি১ মডেম, ২৫৬ জিবির বদলে ১২৮ জিবি প্রাথমিক ধারণক্ষমতা, পুরোনো এ১৮ চিপ এবং নতুন সিরামিক শিল্ড ২-এর বদলে আগের সিরামিক শিল্ড গ্লাস রয়েছে।
/অ