দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে, যার মাধ্যমে তারা বন্ধুদের সঙ্গে রিয়েল-টাইমে নিজেদের শোনা গান শেয়ার করতে পারবেন। ‘নাউ প্লেয়িং’ নামের এই সুবিধাটি স্ন্যাপ ম্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে এই ফিচারটি স্পটিফাইয়ের সঙ্গে কাজ করবে। ব্যবহারকারীরা স্পটিফাই অ্যাকাউন্ট স্ন্যাপচ্যাটের সঙ্গে যুক্ত করলে স্ন্যাপ ম্যাপে তারা বর্তমানে কোন গান শুনছেন, তা বন্ধুদের দেখতে পারবেন। একই সঙ্গে বন্ধুরাও কী শুনছেন, সেটিও দেখা যাবে।
নতুন সুবিধাটি স্ন্যাপচ্যাটের স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম ‘স্পটলাইট’-এর সঙ্গেও যুক্ত করা হয়েছে। কোনো স্পটলাইট ভিডিওতে পছন্দের গান শুনলে সেটি সরাসরি স্পটিফাইয়ে সংরক্ষণ করা বা গানটির পেজে প্রবেশ করা যাবে।
ব্যবহারকারীরা চাইলে তাদের গান শোনার তথ্য কারা দেখতে পারবেন, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। তবে এই ফিচারে আগের শোনা গান বা সম্পূর্ণ শোনার ইতিহাস দেখা যাবে না।
স্ন্যাপচ্যাট জানিয়েছে, ব্যবহারকারী শেষ ২৪ ঘণ্টার মধ্যে অ্যাপটি ব্যবহার করলে তবেই গান শেয়ার করার সুবিধা সক্রিয় থাকবে। ২৪ ঘণ্টার বেশি সময় অ্যাপ ব্যবহার না করলে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অ্যাপটি আবার চালু করলে শেয়ারিং পুনরায় শুরু হবে।
এ ছাড়া ব্যবহারকারীরা চাইলে ৩ ঘণ্টা, ২৪ ঘণ্টা বা অনির্দিষ্ট সময়ের জন্য গান শেয়ার করার সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখতে পারবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গান খোঁজা ও শেয়ার করার প্রবণতা বাড়তে থাকায় নতুন এই ফিচার এনেছে স্ন্যাপচ্যাট। এর আগে টিকটক ও ইনস্টাগ্রামও গান শেয়ার ও সংরক্ষণের বিভিন্ন সুবিধা চালু করেছে। স্পটিফাই নিজেও বন্ধুদের সঙ্গে রিয়েল-টাইমে গান শেয়ার করার সুবিধা চালু করেছে।
স্ন্যাপচ্যাটের মিউজিক বিভাগের প্রধান ম্যানি অ্যাডলার বলেন, ‘মিউজিক মানুষের নিজেকে প্রকাশের অন্যতম ব্যক্তিগত মাধ্যম। আর বন্ধুদের আরও কাছাকাছি আনতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘নাউ প্লেয়িং’ ফিচারটি ব্যবহারকারীদের নিজেদের দিনের মিউজিক অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া এবং পরিচিতদের মাধ্যমে নতুন গান আবিষ্কারের সুযোগ দেবে।’
২০১৭ সালে চালু হওয়া স্ন্যাপ ম্যাপের মাসিক ব্যবহারকারী বর্তমানে ৪৫ কোটির বেশি। শুরুতে এটি বন্ধুদের অবস্থান ও বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রকাশ্য স্ন্যাপ দেখার জন্য চালু হলেও সময়ের সঙ্গে এতে স্থানীয় জনপ্রিয় স্থান, বিভিন্ন কার্যক্রম এবং এখন গান আবিষ্কারের মতো সুবিধাও যুক্ত হয়েছে।
স্ন্যাপচ্যাট জানিয়েছে, যেখানে স্পটিফাই ও স্ন্যাপচ্যাট উভয় সেবা চালু রয়েছে, সেসব অঞ্চলে ধাপে ধাপে নতুন ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে। শিগগিরই কানাডার ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারবেন।
/অ