দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত দুই সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় দেবস্রি অন্তরা ও আবীর সাদাফের নাম ঘুরে বেড়াচ্ছে। নদীর পাড়ে পাশাপাশি বসা, একে অপরের কাঁধে ভর দেওয়া এবং নরম আলোয় ধরা পড়া ঘনিষ্ঠ মুহূর্ত—সব মিলিয়ে যেন বাস্তব প্রেমের গল্প। তবে বাস্তবতা হলো, এই ছবিগুলো এআই-জেনারেটেড ভিজ্যুয়াল।
তবুও গুঞ্জন থামেনি। আবীর সাদাফ তার ফেসবুক পোস্টে লিখেছেন, “It’s official 🤍🕊️ | 13.02.2026”, এবং দেবস্রি অন্তরা কমেন্টে জানিয়েছেন, “বিয়ে করছি আমরা, নির্বাচনের পর!”
পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়। শুভেচ্ছা বার্তা, অভিনন্দন, ফোন কল—এমনকি বিভিন্ন ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি প্রতিষ্ঠান সরাসরি যোগাযোগ করে তাদের বিয়ের কাভারেজে আগ্রহ দেখায়।
তবে অনুসন্ধানে জানা গেছে, এই পুরো ঘটনাটি আসলে একটি প্রোমোশনাল স্টান্ট, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নতুন সংগীত প্রকাশ। ভালোবাসা দিবসের আগেই প্রকাশ পাবে ব্যান্ড এক্সকেইপের নতুন গান ‘আমি পাখি হবো’, যেখানে প্রথমবার একসঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ ও দেবস্রি অন্তরা। গানটির জন্য নির্মিত হয়েছে একটি এআই ভিত্তিক বাস্তবিক ভিজ্যুয়াল মিউজিক ভিডিও, যা বাংলাদেশি সংগীত জগতে এখনো নতুন ধারণা।
গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ব্যান্ডের গিটারিস্ট কাজী রিন্টু ও আবীর সাদাফ, মিক্স-মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন এবং এআই ভিজ্যুয়াল প্রোডাকশনে ছিলো হাইপার কাট্স প্রোডাকশন।
‘আমি পাখি হবো’ শুধু ভালোবাসা দিবসের গান নয়, এটি একটি আন্তর্জাতিক সংগীত উদ্যোগের অংশ—“Strings Beyond Borders (Music Without Passport)”, যা পরিচালনা করছে এজেন্সি এন্টস্ফেয়ার ৩৬০। এই প্রজেক্টের লক্ষ্য বাংলা সংগীতকে বৈশ্বিক পরিসরে উপস্থাপন করা এবং দেশের শিল্পীদের আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি করা।
দেবস্রি অন্তরা বলেন, “লাগে উরা ধুরা–এর পর স্বাস্থ্যগত কারণে নিয়মিত কাজ করতে পারিনি, কিন্তু সংগীত কখনো আমাকে ছাড়েনি। ‘আমি পাখি হবো’ আমার কাছে একধরনের নতুন শুরু, আর এটি আমার প্রথম ব্যান্ড কলাবোরেশন হওয়ায় বিষয়টি আরও বিশেষ।”
আবীর সাদাফ বলেন, “সঠিক প্ল্যাটফর্ম ও শিল্পীদের সম্মিলিত সহযোগিতা পেলে এই প্রজেক্ট বাংলা সংগীতকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যেতে পারে। ইতিমধ্যেই অনেক পরিচিত শিল্পী ভবিষ্যৎ রিলিজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।”
তাহলে দেবস্রি অন্তরা ও আবীর সাদাফের প্রেম বা বিয়ে কি বাস্তব? না, এটি গসিপ নয়—এটি বাংলা সংগীতের নতুন গ্লোবাল যাত্রার সূচনা। সব উত্তর মিলবে ভালোবাসা দিবসে এক্সকেইপ ফিচারিং দেবস্রি অন্তরা’র ‘আমি পাখি হবো’ গানে।
এমএস/