দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। শনিবারের এসব হামলায় আবাসিক ভবন ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনের জিতোমির অঞ্চলের গভর্নর ভিতালি বুনেচকো জানান, ওই অঞ্চলের জভিয়াখেল শহরে একটি মুদি দোকানে রুশ হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া দুটি জ্বালানি স্টেশন এবং বিদেশি বিনিয়োগে পরিচালিত একটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া ও তাঁর নিজ শহর ক্রিভি রিহে হামলার কথা জানান।
জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ বলেন, জাপোরিঝিয়া শহর ও আশপাশের এলাকায় রুশ হামলায় দুইজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
ক্রিভি রিহের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানান, রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরটিতে আরও দুইজন নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী জাপোরিঝিয়া শহরের ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জাপোরিঝস্তাল, দিনিপ্রোর ইন্টারপাইপ স্টিল কমপ্লেক্স এবং ক্রিভি রিহের কয়েকটি শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে।
এদিকে ওদেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানান, রাতভর ধারাবাহিক হামলায় এক শিশুসহ ৩৭ জন আহত হয়েছেন। এ ছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, ইউক্রেনের বন্দরগুলোতে তাদের হামলা অব্যাহত রয়েছে। ওদেসার একটি বন্দরে সামরিক কাজে ব্যবহারের জন্য পণ্য বহনকারী একটি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মস্কো। এর আগে কৃষ্ণসাগরের বন্দরনগরী চোরনোমোরস্কে রাতের হামলায় দুটি কার্গো জাহাজে আঘাত হানার কথাও জানায় তারা।
তবে রাশিয়া ও ইউক্রেনের পক্ষ থেকে দেওয়া এসব দাবির কোনোটিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার সামারা অঞ্চলের তোলিয়াত্তিতে দেশটির অন্যতম বৃহৎ কৃত্রিম রাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান তোলিয়াত্তিকাউচুক কারখানায় হামলা চালানো হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায়। ইউক্রেনের দাবি, কারখানাটিতে ক্ষেপণাস্ত্রের জ্বালানিতে ব্যবহৃত কৃত্রিম রাবার ও জ্বালানি সংযোজক তৈরি করা হয়।
সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন ওই অঞ্চলের শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে। তবে কোন স্থাপনায় হামলা হয়েছে বা ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা তিনি জানাননি।
তোলিয়াত্তি শহরের মেয়র ইলিয়া সুখিখ জানান, হামলায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছেন।
এ ছাড়া রাশিয়ার রস্তভ অঞ্চলের তাগানরগ শহরে পৃথক এক হামলায় চারটি বাণিজ্যিক স্থাপনায় আগুন ধরে যায় বলে স্থানীয় মেয়র স্বেতলানা কামবুলোভা জানিয়েছেন।
রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে। পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার দূরবর্তী অঞ্চলের জ্বালানি স্থাপনা ও গুদামে হামলা চালাচ্ছে। দুই পক্ষই একে অপরের নৌযান ও বন্দরকেন্দ্রিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে।
সূত্র: রয়টার্স
এমএস/