দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার তৈরি ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান হাতে পেয়েছে ইথিওপিয়া। পাশাপাশি মস্কোর কাছ থেকে আরও চারটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাবে দেশটি। সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এসব অস্ত্র সংগ্রহ করছে ইথিওপিয়া।
বুধবার দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আবি আহমেদ বলেন, ‘এসব সামরিক সরঞ্জাম সরবরাহ ইথিওপিয়ার জাতীয় নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য আগ্রাসন আগেভাগে প্রতিরোধের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মাইলফলক।’
তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগিতায় চতুর্থ প্রজন্মের এসইউ-৩৫ যুদ্ধবিমানগুলো নির্ধারিত সময়ের এক বছর আগেই সরবরাহ করা হয়েছে।
তবে এই চুক্তির আর্থিক মূল্য কত, এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থাগুলো কবে সরবরাহ করা হবে কিংবা যুদ্ধবিমান ও প্রতিরক্ষাব্যবস্থাগুলো কোথায় মোতায়েন করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি আবি আহমেদ।
নিরাপত্তা সংকটে সামরিক শক্তি বাড়াচ্ছে ইথিওপিয়া
ইথিওপিয়া বর্তমানে একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চল অন্যতম। গত মাসে সেখানে বিদ্রোহী জোট সরকারের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করে। এর ফলে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কয়েক লাখ মানুষের প্রাণহানির কারণ হওয়া যুদ্ধ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
আগের সংঘাতে ইথিওপিয়ার বিমানশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিশেষ করে বিদেশে তৈরি চালকবিহীন আকাশযানের ব্যাপক ব্যবহার যুদ্ধের গতিপথ পাল্টে দিতে সহায়তা করেছিল।
নতুন করে সংঘাত শুরু হওয়ার পর প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে ইথিওপিয়ার সম্পর্কের অবনতি ঘটে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগ ইরিত্রিয়ার বিরুদ্ধে তুলেছে আদ্দিস আবাবা। তবে আসমারা এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, রাশিয়ার অস্ত্র রপ্তানির দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্তেক এ বিষয়ে মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি।
/অ