দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা ‘অত্যন্ত অগ্রসর পর্যায়ে’ রয়েছে বলে জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সম্ভাব্য একটি চুক্তির খসড়া দুই পক্ষের মধ্যে আদান-প্রদান করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের পক্ষ থেকে আলোচনা চলছে কি না, তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য এলেও কাতার নিশ্চিত করেছে যে, সব পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
মাজেদ আল-আনসারি বলেন, ‘আমরা এই মুহূর্তে কূটনৈতিক সমাধানের দিকে তাকিয়ে আছি। সব পক্ষের সঙ্গে প্রচেষ্টা এখনো চলমান রয়েছে।’
তিনি জানান, সংকট সমাধানে মাঠপর্যায়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা ‘অত্যন্ত অগ্রসর পর্যায়ে’ রয়েছে। কাতারসহ আঞ্চলিক দেশগুলো এই সংকট সমাধানে একসঙ্গে কাজ করছে।
কাতারের এই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা সহজ করতে ওমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে দোহা। দুই পক্ষের মধ্যে বিভিন্ন ধারণা ও খসড়া বিনিময়ের কাজও চলছে।
তিনি বলেন, ‘খসড়া সব সময়ই আদান-প্রদান হচ্ছে। আমি বলতে পারি, সম্ভাব্য একটি চুক্তির ভাষা তৈরি করা হয়েছে এবং তা সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রচার করা হচ্ছে।’
তবে বর্তমানে মধ্যস্থতাকারীদের প্রধান লক্ষ্য হলো একটি স্বল্পমেয়াদি সমাধান বের করা, যাতে ওয়াশিংটন ও তেহরান আবার আলোচনার টেবিলে ফিরতে পারে বলে জানান আল-আনসারি।
তিনি বলেন, ‘এই মুহূর্তে সরাসরি আলোচনার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দিষ্ট বিষয় নেই। তবে আমরা আশাবাদী, দ্রুত যদি আলোচনা পুনরায় শুরু করা যায়, তাহলে বড় ধরনের একটি চুক্তির দিকে এগোনো সম্ভব হবে। এর মাধ্যমে আমরা অঞ্চলটিতে শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনার পথে যেতে পারব।’
/অ