দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তির আলোচনায় ফের সামনে এসেছে তেহরানের জব্দ বা স্থগিত থাকা বিপুল পরিমাণ অর্থের বিষয়টি। চুক্তির একটি খসড়া অনুযায়ী, চূড়ান্ত সমঝোতা হলে ইরানের সম্পদ অবমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।
প্রাথমিকভাবে ইরান তাদের স্থগিত থাকা ২৪ বিলিয়ন ডলার মুক্ত করার দাবি জানালেও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ইরান নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত কোনো অর্থ ছাড় করা হবে না।
বিশ্লেষকদের মতে, ২০১৫ সালের পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিশ্রুতির ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না ইরান। তাই দেশটি তাৎক্ষণিকভাবে অর্থ ছাড়ের নিশ্চয়তা চাইছে।
ইরানের কত অর্থ বিদেশে স্থগিত রয়েছে, তার সুনির্দিষ্ট কোনো সরকারি হিসাব প্রকাশ হয়নি। তবে ইরানি গণমাধ্যম ও বিভিন্ন বিশ্লেষকের ধারণা, এই অর্থের পরিমাণ ১২৪ বিলিয়ন থেকে ১৬৭ বিলিয়ন ডলারের মধ্যে। এই অঙ্ক ইরানের ২০২৪ সালের মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশের সমান।
কোথায় রয়েছে ইরানের স্থগিত অর্থ?
কাতার
২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলার কাতারের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। এটি ছিল ইরানে আটক মার্কিন নাগরিকদের মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট একটি চুক্তির অংশ। ওই অর্থ মানবিক পণ্য কেনার জন্য ব্যবহারের অনুমতি দেওয়ার কথা থাকলেও পরে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে এমন একটি সমঝোতা হয়, যাতে ইরান অর্থগুলো ব্যবহার করতে না পারে।
ওমান
ইরাকে বিদ্যুৎ রপ্তানি বাবদ ইরানের ১০ বিলিয়ন ডলারের বেশি আয় বিশেষ ছাড়ের আওতায় ওমান ও অন্যান্য দেশের সীমিত ব্যবহারের হিসাবগুলোতে স্থানান্তর করা হয়। তবে এসব অর্থ এখনো নিষেধাজ্ঞাজনিত বিধিনিষেধের আওতায় রয়েছে।
লুক্সেমবার্গ
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার কারণে দেশটিতে অন্তত ১ দশমিক ৭ বিলিয়ন ডলার স্থগিত রয়েছে।
জাপান
জাপানে থাকা ইরানের আর্থিক সম্পদ মুক্ত করার দাবি বহুবার জানিয়েছে তেহরান। বিভিন্ন প্রতিবেদনে এই অর্থের পরিমাণ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে।
নতুন চুক্তি হলে এসব অর্থের কতটা এবং কীভাবে ইরানের নিয়ন্ত্রণে আসবে, তা এখনো স্পষ্ট নয়। তবে স্থগিত অর্থ অবমুক্ত করা বর্তমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: সিএনএন
/অ