দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। হামলায় দেশটির গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য কিয়েভ পেচেরস্ক লাভরা আশ্রমে আগুন লেগেছে।
স্থানীয় সময় সোমবার (১৫ জুন) ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এটি গত দুই সপ্তাহের মধ্যে কিয়েভে সবচেয়ে বড় রুশ হামলা বলে উল্লেখ করা হয়েছে।
হামলাটি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সঙ্গে টেলিফোন আলাপের কয়েক ঘণ্টা পর ঘটেছে। ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে চাপ দিয়েছেন বলে ক্রেমলিন জানিয়েছে।
এর আগে ইউক্রেন রাশিয়ার জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার হামলা চালিয়েছে। রোববার ইউক্রেন বাহিনী রাশিয়ার ইয়ারোস্লাভ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেল স্থাপনায় আঘাত হানে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘স্থাপনাটি মস্কোর জ্বালানি মজুত ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
জেলেনস্কি আরও জানান, তুলা অঞ্চলের আজট রাসায়নিক কারখানাতেও হামলা চালানো হয়েছে, যা রাশিয়ার বিস্ফোরক উৎপাদন সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া রুশ দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে সামরিক সরবরাহ ও লজিস্টিকস কেন্দ্রগুলোতেও হামলা হয়েছে বলে কিয়েভ দাবি করেছে।
রাশিয়া হামলার বিষয়টি আংশিক স্বীকার করেছে। ইয়ারোস্লাভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ড্রোন হামলায় শিল্প খাতের জ্বালানি সংরক্ষণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মস্কোগামী সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তুলা অঞ্চলের গভর্নর বলেছেন, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ নোভোমস্কভস্ক শহরের একটি শিল্প প্রতিষ্ঠানে পড়েছে।
ট্রাম্প জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অংশীদারদের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে।
এমএম/