দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধের মধ্যে পর্যাপ্ত সমর্থন না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী থাকা নিয়েও তিনি মিত্রদের সমালোচনা করেন।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ ট্রাম্প লেখেন, ‘ন্যাটো দেশগুলো কাপুরুষ, আমরা এটা মনে রাখব।’ তিনি অভিযোগ করেন, ন্যাটো দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায়নি, অথচ এখন তারা উচ্চ তেলের দাম নিয়ে অভিযোগ করছে।
ট্রাম্প বলেন, ‘এখন যখন যুদ্ধ সামরিকভাবে জিতে ফেলা হয়েছে এবং তাদের জন্য ঝুঁকি খুবই কম, তখন তারা বলছে তেলের দাম বেশি। অথচ হরমুজ প্রণালী খুলে দেওয়া খুব সহজ একটি সামরিক পদক্ষেপ, যা তারা করতে চাইছে না।’
এদিকে ন্যাটো জানায়, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তারা ইরাকে তাদের মিশনের অবস্থান ‘সমন্বয়’ করছে। ন্যাটোর এক মুখপাত্র বলেন, নিরাপত্তাজনিত কারণে ইরাক থেকে ন্যাটো মিশনের সদস্যদের ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আন্তর্জাতিক আইন রক্ষা এবং উত্তেজনা কমানোই এই মুহূর্তে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।’ তিনি জানান, সম্মেলনে অংশ নেওয়া কোনো দেশই সংঘাতে সরাসরি জড়ানোর ইচ্ছা প্রকাশ করেনি।
ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে এবং ইউরোপীয় নেতারা তেলের উচ্চমূল্য ও সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের মধ্যে এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি।
সূত্র: আল জাজিরা
এমএস/