দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগান তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়েছে। পাকিস্তান সরকারের দাবি, ড্রোনগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে এবং কোনো প্রাণহানি ঘটেনি।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বেলা ১১টার দিকে নওশেরা ও অ্যাবোটাবাদসহ পাকিস্তানের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আফগানিস্তান দাবি করেছে, এটি পাকিস্তানের আগের রাতভর বিমান হামলার ‘সফল প্রতিশোধ’।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, পাকিস্তানি তালেবান (টিটিপি) জঙ্গিরা ড্রোন হামলার চেষ্টা করেছিল, তবে দেশের অ্যান্টি-ড্রোন সিস্টেম সব ড্রোন ভূপাতিত করেছে। তিনি জানান, হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে এটি ‘খোলাখুলি যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার পাকিস্তান ‘অপারেশন গজব লিল হক’ শুরু করে, যেখানে ইসলামাবাদের দাবি, ১৩৩ আফগান তালেবান যোদ্ধা নিহত ও ২০০-এর বেশি আহত হয়েছেন।
দুই দেশের সংঘাত নিয়ে বিশ্ব সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়া, চীন, ইরান এবং তুরস্ক উভয় পক্ষকে শান্তি ও যুদ্ধবিরতি পালন করতে আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ডুরান্ড লাইন সীমান্ত বিরোধ এবং পাকিস্তানে নিষিদ্ধ টিটিপি কার্যক্রমের কারণে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। পাকিস্তান অভিযোগ করে আসছে আফগান মাটি ব্যবহার করে জঙ্গিরা হামলা চালাচ্ছে, যা কাবুল অস্বীকার করছে।
বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার সীমান্ত এলাকায় অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্ত পয়েন্টগুলো বন্ধ রয়েছে, সাধারণ মানুষ আতঙ্কিত।
এমএস/