দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তাঁর বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার সাফল্যের পর পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে নতুন এই সিনেমায় কাজ করছেন শাকিব খান। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে ‘মহব্বত’-এর প্রথম ঝলকের পোস্টারে শাকিব খানের সঙ্গে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত দেখা গেলেও তাঁর মুখ প্রকাশ করা হয়নি। ফলে সিনেমাটিতে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম আলোচনায় আসে। তাঁদের মধ্যে রয়েছেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন চলচ্চিত্রবিষয়ক পেজে কিনজা হাশমিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এসব আলোচনা ও গুঞ্জনের পক্ষে নির্মাতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন কিনজা হাশমি। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’ ও ‘হুক’। এ ছাড়া ‘রুপোশ’ টেলিছবিতেও অভিনয় করেছেন তিনি। নাটকের পাশাপাশি ‘কাট্টার করাচি’ ও ‘শারোজ’ চলচ্চিত্রেও দেখা গেছে এই অভিনেত্রীকে।
এখন পর্যন্ত ‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের বিপরীতে কোনো অভিনেত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নির্মাতাদের পক্ষ থেকে নায়িকার পরিচয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করার পরিকল্পনার কথা জানানো হয়েছে। ফলে কিনজা হাশমির সঙ্গে নির্মাতাদের আলোচনা চলছে কি না, তা নিশ্চিত হতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
এমএম/