দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতের সমন পাওয়ার পর নিজের বক্তব্য তুলে ধরেছেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংস করার এমন প্রচেষ্টার পেছনে কারা রয়েছেন এবং কেনই বা এমন করা হচ্ছে।
তানজিন তিশার দাবি, তাঁর একটি বক্তব্যের রেকর্ড থেকে নিজেদের সুবিধামতো অংশ কেটে মূল কথার অর্থ বদলে দেওয়া হয়েছে। পরে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাঁর সম্মানহানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
স্ট্যাটাসে তিশা লেখেন, ‘এত বড় একটা পরিকল্পনা? একজন মানুষের এত বছরের সম্মান, ক্যারিয়ার আর অর্জন ধ্বংস করে দেওয়ার এমন বিশাল ঘৃণ্য প্রচেষ্টা? কেন? কিসের জন্য? আর এর পেছনে কারা?’
অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় কি না, সেই প্রশ্নও তুলেছেন এই অভিনেত্রী। তাঁর বক্তব্য, অভিযোগের সত্যতা যাচাই এবং সত্য-মিথ্যার বিচার হওয়া উচিত আদালতে। এ ঘটনায় অনেক প্রশ্নের উত্তর ও তথ্যপ্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
তানজিন তিশা আরও প্রশ্ন তোলেন, এসব সত্য ও প্রমাণ মানুষের সামনে তুলে ধরার দায়িত্ব আদালতের, নাকি দায়িত্বশীল সাংবাদিকতার। অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় কি না, তা নিয়েও প্রশ্ন করেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অভিযোগ ছড়িয়ে পড়লেই তা যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানান।
মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(সি) ধারায় মামলাটি করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মামলার অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
এমএম/