দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ও কানাডার পাসপোর্টধারীরা সর্বোচ্চ ৩০ দিন ভিসা ছাড়াই মূল ভূখণ্ড চীনে ভ্রমণ করতে পারবেন বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক ঘোষণায় জানানো হয়, পর্যটন, ব্যবসা ও পরিবার–পরিজনের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন উদ্দেশ্যে এই ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়া হবে, যা প্রাথমিকভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এই সিদ্ধান্তটি গত মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার–এর চীন সফরের ধারাবাহিকতায় এসেছে। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে তার বৈঠকে দুই দেশ ভ্রমণ বিধিনিষেধ শিথিল করার বিষয়ে একমত হন। স্টারমার বলেন, এই উদ্যোগ ব্রিটিশ ব্যবসায়ীদের জন্য চীনে কার্যক্রম সম্প্রসারণ আরও সহজ করবে, যদিও সমালোচকেরা মনে করছেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের এই প্রচেষ্টায় মানবাধিকার ও জাতীয় নিরাপত্তার বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ভিসামুক্ত নীতি চীন ও অন্যান্য দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে। এর ফলে যুক্তরাজ্য ও কানাডা এখন সেই প্রায় ৫০টি দেশের কাতারে যুক্ত হলো, যাদের নাগরিকরা ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারেন। এই তালিকায় ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া ও জাপানও রয়েছে।
যুক্তরাজ্যের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৬ লাখ ২০ হাজার ব্রিটিশ নাগরিক চীন ভ্রমণ করেছিলেন, ফলে এই সিদ্ধান্তে বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। জানুয়ারিতে বেইজিং সফরের সময় স্টারমার বলেছিলেন, ব্রিটিশ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই চীনে নিজেদের উপস্থিতি বাড়ানোর পথ খুঁজছিলেন। ওই সফরে দুই দেশের মধ্যে সেবা খাত, স্বাস্থ্য, সবুজ প্রযুক্তি ও আর্থিক খাতে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের কথাও উঠে আসে, যদিও কোনো পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি হয়নি।
২০১৮ সালে থেরেসা মে–এর পর এই সফর ছিল কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। তবে কিছু বিরোধী নেতা এ সফর নিয়ে সমালোচনা করেন। সফরের ঠিক আগে স্টারমারের সরকার লন্ডনের কেন্দ্রস্থলে একটি বড় নতুন চীনা দূতাবাস নির্মাণের পরিকল্পনাও অনুমোদন দেয়, যা নিয়ে বিরোধীরা গুপ্তচরবৃত্তি ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন।
সূত্র: বিবিসি
এমএস/