দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে বলে সতর্ক করেছে তেহরান। বুধবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্কসহ যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্যবস্তু হতে পারে।
কূটনৈতিক সূত্র জানায়, উত্তেজনা বাড়ায় কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন কর্মীকে সরে যেতে বলা হয়েছে। তবে এটিকে পূর্ণাঙ্গ সরিয়ে নেওয়া নয়, বরং সতর্কতামূলক অবস্থান পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে যে ধরনের বড় পরিসরের সরিয়ে নেওয়া হয়েছিল, তেমন কোনো লক্ষণ এবার দেখা যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন ধরে প্রকাশ্যে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। একই সঙ্গে ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সাহায্য আসছে।
ইরানের ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
অন্যদিকে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, ইরানে সরকার পতন বা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়েছিল, যার শেষ দিকে যুক্তরাষ্ট্রও জড়ায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির শীর্ষ নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেছেন, দেশের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
ইন্টারনেট বন্ধ থাকায় ইরান থেকে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী ও ১৪৭ জন সরকারপন্থি ব্যক্তি নিহত হওয়ার তথ্য তারা যাচাই করেছে। ইরানি কর্মকর্তাদের মতে, নিহতের সংখ্যা প্রায় ২ হাজার।
ইরানের প্রধান বিচারপতি গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও শাস্তির আহ্বান জানিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে।
সুত্র- রয়টার্স
এমএস/