দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার ভোরোনেজ শহরে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। রোববার স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ টেলিগ্রামে জানান, শনিবারের ড্রোন হামলার সময় একটি বাড়ির ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে। এতে আহত এক তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গুসেভ জানান, হামলায় আরও তিনজন আহত হয়েছেন। এছাড়া ১০টির বেশি অ্যাপার্টমেন্ট ভবন, কয়েকটি ব্যক্তিগত বাড়ি এবং একটি উচ্চবিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভোরোনেজের আকাশে ১৭টি ড্রোন ভূপাতিত করেছে বলেও তিনি জানান। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত ভোরোনেজ শহরের জনসংখ্যা প্রায় ১০ লাখ।
এর আগে শুক্রবার ভোরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক হামলা চালায়। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, ওই হামলায় শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে রাজধানী কিয়েভে অন্তত চারজন নিহত হন। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে দ্বিতীয়বারের মতো রাশিয়া নতুন একটি শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা পশ্চিম ইউক্রেনে আঘাত হানে। এটি কিয়েভ ও ন্যাটোর প্রতি স্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাতে দেওয়া ভাষণে বলেন, ইউক্রেনীয় আলোচকরা এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, প্রধান আলোচক রুস্তেম উমেরভও মার্কিন অংশীদারদের সঙ্গে কথা বলেছেন।
এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, রোববার ভোরে রাশিয়া ১৫৪টি ড্রোন দিয়ে হামলা চালায়। এর মধ্যে ১২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, চলতি মাসে রাশিয়া প্রথমবারের মতো ‘গেরান-৫’ নামের নতুন জেটচালিত ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনটি ইরানে নকশা করা শাহেদ ড্রোনের রুশ সংস্করণ। গোয়েন্দা তথ্য অনুযায়ী, গেরান-৫ ড্রোন প্রায় ৯০ কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম এবং প্রায় এক হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে।
সূত্র: এপি
এমএস/