দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আট সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সেখানে এই প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবার ৯ জানুয়ারি আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আল জাজিরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
গত মাস থেকে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই আন্দোলনের মূল কারণ ছিল ইরানি মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন এবং ক্রমাবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতি। পরে বিক্ষোভ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। সংস্থাটি জানায়, ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এই আন্দোলন টানা ১৩ দিন ধরে চলছে।
এইচআরএএনএর হিসাব অনুযায়ী, দেশের ৩১টি প্রদেশের ১১১টি শহরের অন্তত ৩০০ স্থানে বিক্ষোভ হয়েছে। এতে রাস্তার মিছিলের পাশাপাশি শ্রমিক ধর্মঘট ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক কর্মসূচিও রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যেও অন্তত ১৭টি বিশ্ববিদ্যালয় আন্দোলনে যুক্ত হয়েছে।
সংস্থাটি আরও জানায়, এ পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫১ জন। আহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ছোড়া পেলেট বা প্লাস্টিক বুলেটে আহত হন। পশ্চিম ইরানের মালেকশাহি শহরে একাই অন্তত ৩০ জন আহত হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে।
এমএস/