দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। দীর্ঘদিনের শীতল সম্পর্কের পর এমন নীতিপত্রকে মস্কোর পক্ষ থেকে এতটা প্রশংসা করা বিরল বলেই মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ট্রাম্পের নীতিকে ‘ফ্লেক্সিবল রিয়ালিজম’ হিসেবে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধকে নিজেদের প্রভাবক্ষেত্র হিসেবে দেখা ১৯শ শতকের মনরো নীতিকে আবারও সক্রিয় করতে চায়। কৌশলপত্রে ইউরোপের ‘সভ্যতাগত বিলুপ্তি’র ঝুঁকির কথা বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য আলোচনাকে ‘কোর’ স্বার্থ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনর্গঠনের ইচ্ছাও প্রকাশ করা হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুক্তরাষ্ট্রের এই পরিবর্তনগুলো অনেক ক্ষেত্রে রাশিয়ার অবস্থানের সঙ্গে মিলে গেছে।
বিশ্ব রাজনীতির বড় বিষয়গুলোতে ওয়াশিংটন ও মস্কোর এমন প্রকাশ্য মিল খুবই বিরল। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর পারমাণবিক অস্ত্র ফেরত আনার মতো বিষয়ে দুই দেশ সহযোগিতা করেছিল। আবার ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পরও ঘনিষ্ঠভাবে কাজ করেছিল দুই পক্ষ।
শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে ‘পতনের পথে থাকা সাম্রাজ্য’ হিসেবে তুলে ধরত মস্কো, আর যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে বলেছিল ‘অশুভ সাম্রাজ্য’। সোভিয়েত পতনের পর পশ্চিমের সঙ্গে অংশীদারিত্ব চাইলেও ন্যাটো জোট সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উদ্যোগে সম্পর্ক উত্তেজিত হতে থাকে এবং ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর তা আরও বাড়ে।
যুক্তরাষ্ট্রের নতুন কৌশলপত্রে ন্যাটোকে ‘চিরদিন বিস্তৃত হতে থাকা জোট’ হিসেবে দেখার ধারণা বন্ধ করার অঙ্গীকারের প্রসঙ্গে পেসকভ বলেন, এটি উৎসাহজনক। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’ বা প্রভাবশালী আমলাতান্ত্রিক অংশ ট্রাম্পের মতোভাবে বিশ্বকে দেখে না। ট্রাম্প বরাবরই এই গোষ্ঠীকে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বর্ণনা করে আসছেন।
২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল ও ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্রের নীতিতে রাশিয়াকে আক্রমণকারী ও বৈশ্বিক শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছিল। তবে এবার কৌশলপত্রে রাশিয়াকে সরাসরি হুমকি হিসেবে না দেখে কৌশলগত স্থিতিশীলতায় সহযোগিতার আহ্বান জানানোকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন পেসকভ।
সূত্র: রয়টার্স
এমএস/