দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির দক্ষিণাঞ্চলের স্কিলা ও বাগনারার মধ্যবর্তী ভূমধ্যসাগরীয় মহাসড়কে সোমবার ভোরে ঘটে গেছে এক অভূতপূর্ব সশস্ত্র ডাকাতি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সকাল ৬টার কিছু পরে মিলিটারি কৌশলে পরিচালিত এ হামলায় একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের অর্থবাহী ভ্যান থামিয়ে প্রায় ২ মিলিয়ন ইউরো লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ এক ডাকাত দল।
ডাকাতরা পরিকল্পিতভাবে আগে রাস্তায় লোহার কাঁটা ফেলে যানবাহন নিয়ন্ত্রণে আনে। এরপর বিস্ফোরক ব্যবহার করে ভ্যানের পথ রোধ করে কালাশনিকভ রাইফেল ও শটগান দিয়ে গুলি ছোড়ে। কয়েক মিনিটের মধ্যেই তারা ব্যাগভর্তি অর্থ সংগ্রহ করে দ্রুত পালিয়ে যায়। পুরো অভিযানটি এতটাই পেশাদার ছিল যে, আশপাশের কেউই প্রতিরোধ গড়তে পারেনি।
অর্থবাহী ভ্যানের দুই কর্মী শারীরিকভাবে অক্ষত থাকলেও মানসিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত। বর্তমানে তারা রেজ্জো কালাব্রিয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর মহাসড়কের উত্তরমুখী লেন বন্ধ করে পুলিশ, ক্যারাবিনিয়েরি ও অ্যান্টি-মাফিয়া ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের ধারণা, ঘটনার পেছনে কোনো বড় অপরাধচক্র বা সংগঠিত মাফিয়া গ্রুপ জড়িত থাকতে পারে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং সম্ভাব্য পালানোর রুট শনাক্ত করতে পুরো এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
ইতালির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ও ঝুঁকিপূর্ণ এই ডাকাতি দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন সামরিক কৌশলনির্ভর ডাকাতি ইতালিতে খুবই বিরল, এবং অর্থবাহী যানবাহনের নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও কনভয় সুরক্ষা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
এমএস/