দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন এলাকায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে শুঁটকি মাছ বোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা ট্রাকচালক আলমগীর হোসেনকে মারধর করে এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
ডাকাতরা চালকের কাছ থেকে ৭০০ টাকা ছিনিয়ে নেয়। পরে আরও টাকা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করা হয়। চালকের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত ট্রাকচালক আলমগীর হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর এলাকার সাহেব আলী মোড়লের ছেলে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
জে আই