দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান আদিয়ালা জেল সুপারিনটেনডেন্টসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন। ইসলামাবাদ হাই কোর্টের (আইএইচসি) নির্দেশ অনুযায়ী সপ্তাহে দুই দিন সাক্ষাতের অনুমতি কার্যকর না করায় তিনি এই আবেদন করেন।
এই আবেদনের আগে খাইবার পাখতুনখাওয়া মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ও পিটিআই নেতারা আদিয়ালা জেলের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে টানা অষ্টমবারের মতো ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। ইমরানের বোনরাও অতীতে একাধিকবার সাক্ষাৎ না পেয়ে জেলের সামনে অবস্থান করেছিলেন।
আজ সকালে পিটিআই তাদের অবস্থান কর্মসূচি তুলে নেয় এবং আইএইচসিতে যাওয়ার ঘোষণা দেয়। এর পরই আলিমা খান আদালত অবমাননার আবেদন করেন। আবেদনে জেল সুপারিনটেনডেন্ট আব্দুল গফুর আনজুম, সদার বেরুনি থানার ওসি রাজা আইজাজ আজিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (অব.) মোহাম্মদ খুররম আগা এবং পাঞ্জাব হোম ডিপার্টমেন্টের সচিব নূরুল আমিনকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, আলিমা তার ভাই ইমরান খানের সুরক্ষা, আইনগত অধিকার ও মানবিক আচরণ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আইএইচসি গত ২৪ মার্চ যে রায়ে সপ্তাহে দুই দিন সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল, তা বারবার লঙ্ঘন করা হয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়, জেল কর্তৃপক্ষ আদালতের স্পষ্ট নির্দেশ অমান্য করে ইমরানের আইনজীবী, পরিবার ও দলের নেতাদের সাক্ষাৎ থেকে বঞ্চিত করেছে। এমনকি ২০২৪ সালের মার্চে সাক্ষাৎকারের জন্য নির্ধারিত এসওপি ঘোষণার পরও তা বাস্তবায়ন করা হয়নি।
এতে আরও উল্লেখ করা হয়, গত ৮ নভেম্বর জেল সুপার আইএইচসিকে আশ্বাস দিয়েছিলেন যে ইমরানের বন্ধুদের মঙ্গলবার এবং পরিবার ও আইনজীবীদের বৃহস্পতিবার সাক্ষাৎ করতে দেবেন। কিন্তু ১১ নভেম্বর পিটিআই নেতারা সাক্ষাৎ করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়ে পরে তাদের বেআইনিভাবে আটক করা হয়।
আবেদনে দাবি করা হয়েছে, আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা ইচ্ছাকৃতভাবে আদালতের কর্তৃত্বকে উপহাস করেছেন, যা গুরুতর আদালত অবমাননার শামিল।
অভিযোগগুলোর ভিত্তিতে আদালত অবমাননার কার্যক্রম শুরুর আবেদন জানানো হয়েছে এবং আইএইচসির ২৪ মার্চের রায় যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ চাওয়া হয়েছে।
সূত্র: দ্যা ডন
এমএস/