দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সেনারা আন্তর্জাতিক সমুদ্রে ভেনেজুয়েলার একটি কথিত মাদকবাহী নৌকা ধ্বংস করেছে। এতে তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) ট্রাম্প বলেন, এটি ছিল ‘সহিংস মাদক কার্টেল ও নারকো-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে সামরিক অভিযান। তবে তিনি কোনো প্রমাণ দেননি যে নৌকাটিতে মাদক বহন করা হচ্ছিল।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে বলেন, তাদের দেশ আত্মরক্ষার পূর্ণ অধিকার প্রয়োগ করবে। তিনি মার্কিন সিনেটর মার্কো রুবিওকে ডাকেন “মৃত্যু ও যুদ্ধের প্রভু’।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে মাদকবিরোধী অভিযানের নামে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এর আগেও এক অভিযানে একটি নৌকা ধ্বংস করে ১১ জনকে হত্যা করে মার্কিন বাহিনী।
হোয়াইট হাউস থেকে দেওয়া বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, মার্কিন সেনাদের হাতে স্পষ্ট প্রমাণ আছে—ধ্বংস হওয়া নৌকায় প্রচুর পরিমাণ কোকেন ও ফেন্টানিল বহন করা হচ্ছিল। তিনি বলেন, ‘সমুদ্রজুড়ে ছড়িয়ে ছিল বড় বড় মাদকের বস্তা।’
ট্রাম্প আরও জানান, সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ কমেছে, তবে স্থলপথে এখনো প্রবেশ করছে। তিনি বলেন, ‘কার্টেলদের জানিয়ে দিচ্ছি—আমরা তাদেরও ঠেকাবো।’
এর আগে মার্কো রুবিও প্রথম নৌকা ধ্বংসের ঘটনাকে সমর্থন করে বলেছিলেন, ওয়াশিংটনের কাছে ‘শতভাগ নিশ্চিত প্রমাণ’ আছে যে সেটি যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছিল।
অন্যদিকে, মাদুরো অভিযোগ করেছেন—যুক্তরাষ্ট্রের হামলায় দুই দেশের সম্পর্ক ‘সম্পূর্ণ ভেঙে গেছে’।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্তর্জাতিক সমুদ্রে মার্কিন বাহিনীর এই হামলা মানবাধিকার ও সামুদ্রিক আইনের লঙ্ঘন হতে পারে।
ঘটনার পর ভেনেজুয়েলা দুটি এফ-১৬ যুদ্ধবিমান উড়িয়ে একটি মার্কিন নৌযানের কাছে টহল দেয়। ট্রাম্প সতর্ক করে বলেন, মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেললে ভেনেজুয়েলার যুদ্ধবিমান গুলি করে নামানো হবে।
এদিকে, ভেনেজুয়েলা অভিযোগ করেছে, মার্কিন সেনারা তাদের একটি ছোট মাছ ধরার নৌকাকে আট ঘণ্টা অবৈধভাবে দখল করে রেখেছিল।
যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশ মাদুরোর সর্বশেষ নির্বাচনী জয়কে স্বীকৃতি দেয়নি। তারা বলছে, প্রকৃতপক্ষে তার প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গঞ্জালেস ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন।
মার্কিন কর্মকর্তারা মাদুরোকে ‘কার্টেল অব দ্য সানস’ নামের মাদকচক্রের প্রধান বলে অভিযুক্ত করেছেন এবং তার গ্রেপ্তারে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছেন।
মাদুরো অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন সরকার পতনের ষড়যন্ত্রে। তিনি ভেনেজুয়েলানদের মিলিশিয়ায় যোগ দিতে আহ্বান জানিয়েছেন।
সূত্র: বিবিসি
এমএস/