দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজা সিটিতে একের পর এক বহুতল ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন টাওয়ার খালি করার নির্দেশ দেওয়ার পর এসব হামলা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার একটি বৈঠক ডাকছেন, যেখানে গাজায় স্থল অভিযানের ঝুঁকি ও জিম্মিদের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। ধারণা করা হচ্ছে, গাজায় এখনো প্রায় ২০ জন জিম্মি জীবিত আছেন।
ইসরায়েলের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, স্থল অভিযান কয়েক দিনের মধ্যেই শুরু হতে পারে।
জাতিসংঘের (ইউএনআরডব্লিউএ) কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, গত চার দিনে অন্তত ১০টি জাতিসংঘ ভবন, এর মধ্যে ৭টি স্কুল ও ২টি ক্লিনিক, যেগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেগুলোতে হামলা হয়েছে।
তিনি বলেন, ‘গাজায় কোনো জায়গাই নিরাপদ নয়।’
রোববার গাজার বন্দরসংলগ্ন ১১ তলা আল কাওসার ভবন ধ্বংস করা হয়েছে। ইসরায়েল দাবি করেছে, হামাস এটি সেনাদের গতিবিধি নজরদারির জন্য ব্যবহার করছিল। এছাড়া আল মোহনা টাওয়ার ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভবনেও হামলা
চালানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের ভিডিও দিয়ে লিখেছেন, ‘সন্ত্রাস ও উসকানির উৎস ধ্বংস করা হচ্ছে।’
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার থেকে রোববার পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে পশ্চিম গাজায় একটি আশ্রয়কেন্দ্রে বোমা হামলায় তিন শিশুসহ ছয়জন নিহত হন। একই দিন
শহরের একটি বাড়িতে হামলায় মারা যায় আরও দুই শিশু।
গত সপ্তাহে মাত্র এক সপ্তাহে গাজা সিটিতে ১৩০টির বেশি আবাসিক ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এতে ৫০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬৪ হাজার ৮৭১ ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৬৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে এসেছেন। তিনি সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি দোহায় যাবেন, যেখানে ইসরায়েলি
হামলার প্রতিবাদে আরব ও ইসলামিক দেশগুলোর জরুরি সম্মেলন অনুষ্ঠিত হবে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি বলেছেন, ‘ইসরায়েলের বর্বরোচিত হামলা আমাদের গাজার যুদ্ধ থামাতে মধ্যস্থতার আন্তরিক প্রচেষ্টা থেকে বিরত রাখতে পারবে না।’
সূত্র: সিএনএন
এমএস/