দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এক্স-এ দেওয়া বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের পর ফিলিস্তিন স্বীকৃতির পক্ষে অবস্থান নিল বেলজিয়াম।
জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে নিউইয়র্ক ঘোষণায় স্বাক্ষর করবে দেশটি। এর মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ সুগম হবে বলে জানিয়েছেন প্রেভো। তিনি বলেন,'“ফিলিস্তিনে বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের সহিংসতার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে নেওয়া এক যৌথ কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এই স্বীকৃতি আসছে। এর মাধ্যমে ইসরায়েলের দখলদারিত্ব, অবৈধ বসতি স্থাপন ও সামরিক আগ্রাসনেরও নিন্দা জানানো হবে।
প্রেভো জানান, বেলজিয়াম ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে দখলীকৃত বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতির পুনর্বিবেচনা এবং হামাস নেতাদের বেলজিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করা।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো গাজা যুদ্ধ ইস্যুতে এখনো বিভক্ত। কেউ কেউ ইসরায়েলের ওপর কঠোর অর্থনৈতিক চাপের আহ্বান জানালেও অনেক দেশ এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করছে।
যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো আগের মতোই—তাদের দাবি, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একমাত্র পথ ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি আলোচনার মাধ্যমেই সম্ভব। এমন পরিস্থিতিতে কানাডার স্বীকৃতিকে ওয়াশিংটন বেপরোয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে। তবে বেলজিয়ামের ঘোষণার বিষয়ে এখনো হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
প্রেভো আরও বলেন, ফিলিস্তিন পুনর্গঠনে বেলজিয়াম সক্রিয় ভূমিকা রাখবে। একই সঙ্গে হামাসবিরোধী উদ্যোগ ও ইউরোপে বাড়তে থাকা ইহুদিবিদ্বেষ ঠেকাতে নতুন পদক্ষেপও নেওয়া হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক ভ্রমণের অনুমতি দেওয়া হবে না—যে সম্মেলনে একাধিক মিত্র দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এমএস/