দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শুক্রবার (১৩ অক্টোবর) সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। উভয় নেতার মধ্যে জর্ডানের রাজধানী আম্মানে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর টাইমস অব ইসরায়েল’র।
ওই বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের ঘৃণ্য সন্ত্রাসী হামলার জন্য যুক্তরাষ্ট্রের দ্ব্যর্থহীন নিন্দার কথা পুনর্ব্যক্ত করেছেন ব্লিনকেন। এছাড়া সংঘাতের বিস্তার রোধে অংশীদারদের সঙ্গে সমন্বয় করার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।
এ সময় সংঘাতের শিকার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্লিনকেন। তিনি দাবি করেন, হামাস ফিলিস্তিনি জনগণের মর্যাদা, স্বাধীনতা, ন্যায়বিচার এবং আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকারের পক্ষে নয়।
এদিকে ফিলিস্তিনি, ইসরায়েলি এবং হাজার হাজার আমেরিকান যারা পশ্চিম তীর নিজেদের বাড়ি মনে করে, তাদের কথা ভেবে পরিস্থিতি আরও শান্ত করার জন্য আব্বাস এবং তার টিমকে ধন্যবাদ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ব্লিনকেন ফিলিস্তিনি নেতৃত্ব এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সঙ্গে সহযোগিতার জন্য মার্কিন প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন।
আব্বাস বলেন, ফিলিস্তিনিদের নিজ ঘরবাড়ি ছাড়তে বলার বিরোধী তিনি। গাজার ১০ লাখের বেশি মানুষকে ২৪ ঘণ্টার মধ্যে সেখান থেকে সরে যাওয়ার ইসরায়েলি হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন আব্বাস। উত্তরাঞ্চলীয় গাজা থেকে এই বিপুল পরিমাণ মানুষকে দক্ষিণে সরে যাওয়ার সময়সীমা শনিবার মধ্যরাতে শেষ হবে।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি আগ্রাসন এখনই বন্ধের ওপর জোরারোপ করেছেন আব্বাস। এছাড়া গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতেও আহ্বান জানান তিনি।
এইউ