দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পরই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭টার পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৯৩ ডলার ৯০ সেন্টে দাঁড়ায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বেড়ে ৮৭ ডলার ২৩ সেন্টে ওঠে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। তার দাবি, ইরানের অর্থ ও প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের অর্থ, শত শত কোটি ডলার এবং তাদের প্রণালি এখন আমাদের হাতে রয়েছে।’
এর আগে এশিয়ার বাজারে দিনের শুরুর দিকে উভয় ধরনের তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছিল। তবে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকায় কয়েক ঘণ্টা পর বাড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তথ্যসূত্র: আল জাজিরা
এমজে