দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি চালুর বিষয়ে শেষ মুহূর্তে নতুন সিদ্ধান্ত দিয়েছেন দেশটির একটি আপিল আদালত। লটারি পুনরায় চালুর জন্য নিম্ন আদালতের দেওয়া নির্দেশ সাময়িকভাবে স্থগিত করেছেন আদালত। ফলে আগামী ১ নভেম্বর থেকে ডিভি লটারির নিবন্ধন শুরুর যে নির্দেশনা ছিল, তা আপাতত কার্যকর হচ্ছে না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালত সরকারের করা জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সরকারের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশ স্থগিত থাকবে।
এর আগে গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত ডিভি লটারি পুনরায় চালুর নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশে পররাষ্ট্র দপ্তরকে ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা, ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু এবং ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত ব্যক্তিদের অবহিত করার কথা বলা হয়েছিল।
কিন্তু সরকারের আপিলের পর নবম সার্কিট আপিল আদালত ওই নির্দেশ স্থগিত করেন। ফলে আপাতত ডিভি লটারির নিবন্ধন শুরুর কোনো নির্দিষ্ট তারিখ থাকছে না।
এই আইনি জটিলতার সূত্রপাত হয় চলতি বছরের আগস্টে। ডিভি লটারির নিবন্ধন চালু না করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করে অভিবাসন আইনবিষয়ক প্রতিষ্ঠান রেড ঈগল ল। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, সরকার আইন অনুযায়ী বার্ষিক এই কর্মসূচি পরিচালনা করছে না।
তবে আপিল আদালত মনে করেন, লটারি কর্মসূচির মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে যেসব দেশের অভিবাসীর সংখ্যা তুলনামূলক কম, সেসব দেশের নাগরিকদের অভিবাসনের সুযোগ দেওয়া। কোনো আইনজীবী প্রতিষ্ঠানকে আর্থিক সুবিধা দেওয়া এই কর্মসূচির উদ্দেশ্য নয়। ফলে মামলাকারী প্রতিষ্ঠানটি এই আইনের আওতায় মামলা করার যথেষ্ট অধিকার দেখাতে পারেনি বলে আদালত মনে করেন।
তবে আদালত স্পষ্ট করেছেন, নিবন্ধন চালু না করার বিষয়ে পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্তকে তারা সমর্থন করছেন না। আদালতের এই আদেশে ডিভি লটারি স্থায়ীভাবে বাতিলও করা হয়নি। সরকারের আপিল চলাকালে নিম্ন আদালতের নির্দেশের কার্যকারিতা শুধু স্থগিত রাখা হয়েছে।
ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার কম এমন দেশগুলোর নাগরিকদের জন্য সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা বরাদ্দ রাখা হয়। এই ভিসার মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাওয়ার প্রক্রিয়ায় আবেদন করতে পারেন।
২০২৭ অর্থবছরের ডিভি লটারির নিবন্ধন এখনো শুরু হয়নি। আদালতের সর্বশেষ আদেশের কারণে কবে নাগাদ নিবন্ধন শুরু হতে পারে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
/অ