দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনিদের প্রতি ছাড় না দিলে এবং তাদের অধিকার উপেক্ষা করলে ইসরায়েল নৈতিক অবস্থান হারাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, শুধু সামরিক শক্তি ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারপ্রাপ্ত লেখক ও সাংবাদিক সুসান ম্যাককের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন ওবামা। ব্রিটিশ সংবাদমাধ্যম বেলফাস্ট টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান প্রসঙ্গে ওবামা বলেন, সহিংসতার ঘটনা সবার জন্যই বেদনাদায়ক হওয়া উচিত। তার মতে, ঐতিহাসিক ক্ষোভ, কঠোর মনোভাব ও গভীর বিভাজন থেকে সহিংসতার যে চক্র তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসা জরুরি।
ইহুদিদের ওপর ইউরোপে দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাস স্বীকার করেও ওবামা বলেন, ভূমি হারানোর মধ্য দিয়ে ফিলিস্তিনিরাও অন্যায়ের শিকার হয়েছেন। ফিলিস্তিনিদের কাছ থেকে ভূমি কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের প্রতি অতিরিক্ত কঠোর আচরণ করা হয়েছে। ফলে ফিলিস্তিনিরা এটিকে অন্যায় হিসেবে দেখেছেন এবং নিজেদের ভূমি ফিরিয়ে চেয়েছেন।
ওবামার ভাষায়, ‘এটি অস্বীকার করার কোনো উপায় নেই। এটিও অস্বীকার করার উপায় নেই যে তারা মানুষের কাছ থেকে ভূমি কেড়ে নিয়েছে এবং অতিরিক্ত কঠোর আচরণ করেছে। আর সেই মানুষগুলো স্বাভাবিকভাবেই বলেছে, এটি অন্যায় এবং আমি আমার ভূমি ফিরে চাই।’
তিনি বলেন, সংঘাতের এই চক্র ভাঙার দায়িত্ব তুলনামূলকভাবে শক্তিশালী পক্ষের বেশি। শুধু সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর না করে তাদেরই উদ্যোগ নিতে হবে।
ওবামা বলেন, ইসরায়েল যদি মনে করে যে তারা এখন এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে উন্নত দেশ, তাই নিরাপত্তার জন্য যা প্রয়োজন তা করতে এবং যা চায় তা নিতে পারবে, তাহলে সেই অবস্থান দীর্ঘমেয়াদে টেকসই হবে না।
তিনি আরও বলেন, ‘এ ধরনের অবস্থান স্বল্পমেয়াদে কার্যকর হতে পারে। কিন্তু আপনি যদি এই অবস্থান নেন, তাহলে নৈতিক অবস্থান হারিয়েছেন।’
ওবামার মতে, ইসরায়েলের বর্তমান সরকার অনেকটা এ পথেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। তবে তাদের উপলব্ধি করতে হবে, প্রায় ৭০ লাখ ফিলিস্তিনি এই অঞ্চল ছেড়ে কোথাও চলে যাবেন না। ফিলিস্তিনিদের এমন কোনো পরিস্থিতি মেনে নিতে বাধ্য করা টেকসই নয়, যা অন্য কেউ নিজের জন্য মেনে নেবে না।
এর আগে মঙ্গলবার বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন ওবামা।
/অ