দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তুলে বাংলাদেশসহ ১৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। এর আওতায় বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।
১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় ইউএসটিআর যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করা বিভিন্ন দেশের ক্ষেত্রে অতিরিক্ত শল্ক আরোপের প্রস্তাব করেছে। প্রস্তাব সংক্রান্ত প্রতিবেদনটি ২৫ নভেম্বর ইউএসটিআরের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়।
বাংলাদেশ বিষয়ে ১৬১ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দাবি করা হয়, বাংলাদেশের শিল্প ও রপ্তানি নীতি আন্তর্জাতিক বাজারে ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে। একইসঙ্গে বাংলাদেশ চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের ক্ষেত্রে পরিণত হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
ইউএসটিআর মনে করছে, বাংলাদেশে সরকারি প্রণোদনা, শ্রম আইনের যথাযথ প্রয়োগের অভাব, শ্রমিকদের কম মজুরি এবং চীন থেকে বিপুল পরিমাণ শিল্পের কাঁচামাল আমদানির কারণে দেশটি তাদের স্বাবাবিক উৎপাদন সক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের উৎপাদক, রপ্তানিকারক ও শ্রমিকেরা।
প্রতিবেদনে বলা হয়, ইউএসটিআর গত ১১ মার্চ যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের আওতায় বাংলাদেশসহ ১৬টি অর্থনীতির শিল্প উৎপাদনসংক্রান্ত নীতি ও কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে। এ বিষয়ে গত ৫ থেকে ৮ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগও নেয় সংস্থাটি। তবে বাংলাদেশ ও চীন সরকার আলোচনার সেই অনুরোধ গ্রহণ করেনি।
ইউএসটিআরের তদন্তের কেন্দ্রে ছিল ‘কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন’। সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী, সরকারি নীতি কিংবা হস্তক্ষেপের কারণে কোনো দেশের উৎপাদন ও উৎপাদন সক্ষমতা দীর্ঘ সময় ধরে বাজারের স্বাভাবিক চাহিদা ও প্রতিযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা মাত্রার চেয়ে বেশি থাকলে তাকে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বলা হয়।
বাংলাদেশে চীনা বিনিয়োগ-বাণিজ্য নিয়ে ঘোর আপত্তি
ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়, চীন থেকে বিপুল পরিমাণ শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করছে বাংলাদেশ। একই সঙ্গে দেশে বাড়ছে চীনের সরাসরি বিনিয়োগ। চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান এ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নিজেদের অর্থনৈতিক স্বার্থের জন্য ক্ষতিকর হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।
ইউএসটিআরের অভিযোগ, বাংলাদেশের শিল্প খাতকে কাজে লাগিয়ে চীন তার অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বিশ্ববাজারে ছড়িয়ে দেয়ার সুযোগ পাচ্ছে। এতে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা কৃত্রিমভাবে বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন অ্যামেরিকান উৎপাদক ও রপ্তানিকারকরা।
প্রতিবেদনে বলা হয়, গত ১১ মার্চ বাংলাদেশ ও চীনসহ বিশ্বের ১৬টি অর্থনীতির শিল্প খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত কর্মকাণ্ড, নীতি ও চর্চা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। তদন্ত শুরুর দিনেই সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষকে আলোচনার অনুরোধ জানানো হয়। ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ ১৪টি অর্থনীতির সঙ্গে গোপন আলোচনা হলেও বাংলাদেশ ও চীন সরকার সে অনুরোধ গ্রহণ করেনি।
ইউএসটিআরের প্রতিবেদনে চীন থেকে বাংলাদেশের শিল্প উৎপাদনের উপকরণ আমদানির সঙ্গে যুক্তরাষ্ট্রের আমদানির তুলনা করা হয়েছে। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্র চীনের শিল্প উৎপাদন উপকরণের ওপর নির্ভরশীলতা কমালেও বাংলাদেশ নির্ভরশীলতা বাড়াচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের মধ্যবর্তী উৎপাদন উপকরণ আমদানির মূল্য বেড়েছে ৭০০ কোটি ডলার বা ৬৮ শতাংশ। একই সময়ে চীন থেকে যুক্তরাষ্ট্রের এ ধরনের পণ্য আমদানি ৩ হাজার কোটি ডলার বা ২১ শতাংশ কমেছে। এই আট বছরে চীন থেকে বাংলাদেশের মূলধনী পণ্য আমদানির আর্থিক মূল্য বেড়েছে ৫ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কমেছে ৬০ শতাংশ।
চীন থেকে ২০২৫ সালে বাংলাদেশের আমদানি করা প্রধান মূলধনী পণ্যের মধ্যে ছিল বৈদ্যুতিক স্ট্যাটিক কনভার্টার, নিটিং মেশিন ও সেলাই মেশিন। মধ্যবর্তী উৎপাদন উপকরণের মধ্যে ছিল বিভিন্ন ধরনের কাপড়। এসব পণ্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোও উৎপাদন করে।
বাংলাদেশের জিডিপির অনুপাতেও চীন থেকে মধ্যবর্তী উৎপাদন উপকরণ আমদানির হার বেড়েছে। ২০১৭ সালে এ হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ, ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৩ দশমিক ৮ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এ হার দশমিক ৭ শতাংশ থেকে কমে দশমিক ৪ শতাংশে নেমেছে।
ইউএসটিআরের দাবি, বাজারভিত্তিক নয় এমন অর্থনীতির দেশগুলো থেকে, বিশেষ করে চীন থেকে বিপুল পরিমাণ উৎপাদন উপকরণ আমদানি করছে বাংলাদেশ। এর ফলে অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। একই সঙ্গে এসব উপকরণ ব্যবহার করে বাংলাদেশে উৎপাদিত পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা কৃত্রিমভাবে বাড়ছে।
বাংলাদেশের রপ্তানি পণ্যের মূল্যে চীনের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান বাড়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে প্রতিবেদনে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তথ্য বিশ্লেষণ করে ইউএসটিআর জানিয়েছে, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি করা শিল্পপণ্যের মূল্যে চীনের অবদান ছিল ২ দশমিক ৫ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ২ শতাংশে। বিপরীতে যুক্তরাষ্ট্রের নিজের শিল্পপণ্য রপ্তানিতে চীনের অবদান একই সময়ে ২ দশমিক ১ শতাংশ থেকে কমে ১ দশমিক ৬ শতাংশ হয়েছে।
ইউএসটিআর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিষয়টি উল্লেখ করে বলেছে, দেশের মোট রপ্তানির ৮৫ শতাংশের বেশি আসে এ খাত থেকে। বাংলাদেশে প্রায় সাড়ে তিন হাজার তৈরি পোশাক কারখানা রয়েছে, যার প্রায় সবই রপ্তানিমুখী।
প্রতিবেদনে বলা হয়, চীনের বস্ত্র ও পোশাক শিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার সমস্যা রয়েছে। বিশ্বের মোট বস্ত্র উৎপাদন সক্ষমতার অর্ধেকের বেশি রয়েছে চীনে। ২০২৪ সালে বিশ্বের মোট বস্ত্র রপ্তানির ৪৩ শতাংশ এবং পোশাক রপ্তানির ৩০ শতাংশ ছিল দেশটির দখলে। চীনের এ বিপুল উৎপাদন সক্ষমতার সুবিধা পাচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প।
চীন থেকে কম দামে সুতা, কাপড়, রাসায়নিক ও রং আমদানি করে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম খরচে পোশাক উৎপাদন করতে পারছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ইউএসটিআরের মতে, চীনা পণ্যের কম দাম বাজারের স্বাভাবিক প্রতিযোগিতার ফল নয়। এসব পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের অবাধ সুযোগ থাকায় যুক্তরাষ্ট্রের মতো বাজারভিত্তিক অর্থনীতির দেশগুলোর উৎপাদিত পণ্য বাংলাদেশের বাজার থেকে ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চীনা পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ না করার বিষয়েও আপত্তি জানিয়েছে ইউএসটিআর। সংস্থাটি বলছে, চীন থেকে আমদানি করা নাইলনের মাছ ধরার জালের ক্ষেত্রে বাংলাদেশ বাণিজ্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিলেও বাজারভিত্তিক নয় এমন অর্থনীতির দেশগুলোর বিরুদ্ধে উল্লেখযোগ্য অন্য কোনো ব্যবস্থা গ্রহণের নজির নেই।
বাংলাদেশ ও চীনের বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগগুলোকেও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্র। এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (এপিটিএ) আওতায় শুল্ক ছাড়, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের যোগ দেয়ার উদ্যোগ এবং চীনের সঙ্গে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ের প্রসঙ্গ এসেছে প্রতিবেদনে। বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে গত ২৫ জুন ১৩টি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
চীন থেকে পণ্য আমদানির পাশাপাশি বাংলাদেশে দেশটির ক্রমবর্ধমান সরাসরি বিনিয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ইউএসটিআর। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে সংস্থাটি জানায়, বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের পুঞ্জীভূত পরিমাণ ১ হাজার ৮৯৫ কোটি ডলার। এর মধ্যে চীনের বিনিয়োগ ১৬০ কোটি ডলার বা ৮ দশমিক ৪৪ শতাংশ।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এ তথ্য অনুযায়ী, দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের ১০৭টি শিল্প ইউনিটে চীনা প্রতিষ্ঠানগুলো ১৬০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এতে বাংলাদেশের ১ লাখ ৩৩ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গে তুলে ধরা হয় প্রতিবেদনে। এতে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ চীনে বিডার প্রথম বিদেশি কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। চীন থেকে বিভিন্ন দেশে সরিয়ে নেয়া বিনিয়োগের একটি অংশ বাংলাদেশে নিয়ে আসা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৭৮৩ একর জমিতে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে। ইউএসটিআরের মতে, বিদেশে চীনের এ ধরনের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দেশটির ‘গোয়িং আউট’ কৌশলের অংশ। এর মাধ্যমে দেশের বাইরে শিল্প উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ পাচ্ছে চীন।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কথাও এসেছে প্রতিবেদনে। পাশাপাশি বস্ত্র, তৈরি পোশাক, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ ও চামড়াজাত পণ্য উৎপাদনে চীনা বিনিয়োগের আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়েছে। ইউএসটিআরের আশঙ্কা, চীনের যেসব শিল্প খাতে এরই মধ্যে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে, বাংলাদেশে সেসব খাতে নতুন বিনিয়োগ হলে বিশ্ববাজারে বিদ্যমান চাপ আরও বাড়বে।
ইউএসটিআরের মতে, কৌশলগতভাবে অন্য দেশে উৎপাদন স্থানান্তর করে চীনা প্রতিষ্ঠানগুলো পণ্যের উৎপত্তিস্থল নির্ধারণের বিধিমালার সুবিধা নিতে পারে। এর মাধ্যমে স্বাগতিক দেশে উৎপাদিত পণ্য হিসেবে সেগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি করে চীনা পণ্যের ওপর আরোপিত বিভিন্ন শুল্ক এড়ানোর সুযোগ পাবে বেইজিং। চীনের সঙ্গে বাংলাদেশের শ্রমিকদের মজুরির তুলনাও করেছে ইউএসটিআর। সংস্থাটির অভিযোগ, বাংলাদেশের শ্রমিকদের মজুরি তাদের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন ঘটায় না।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারের যথাযথ সুরক্ষার অভাবও রয়েছে বাংলাদেশে। এতে মজুরি নির্ধারণে বাজারের স্বাভাবিক ভূমিকা সীমিত করছে। উৎপাদন ব্যয় কৃত্রিমভাবে কমছে এবং রপ্তানিকারকরা বাড়তি সুবিধা পাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশের পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়। তবে মূল্যস্ফীতির কারণে ২০১৮ সালের তুলনায় ২০২৩ সালে পোশাক শ্রমিকদের প্রকৃত মজুরি ১২ থেকে ১৫ শতাংশ কমেছে। চলতি ২০২৬ সালে বাংলাদেশের পোশাক খাতের একজন নবীন শ্রমিকের মাসিক মজুরি প্রায় ১০২ ডলার। উচ্চ গ্রেডের একজন অপারেটর পান প্রায় ১২২ ডলার। বিশেষ দক্ষতার শ্রমিকের মজুরি ২০৩ থেকে ২৪৩ ডলার পর্যন্ত হতে পারে। অন্যদিকে ভারতের পোশাক শ্রমিকরা মাসে প্রায় ১৭০ ডলার, কম্বোডিয়া ও ভিয়েতনামের শ্রমিকরা ২০০ ডলার এবং চীনের শ্রমিকরা ৩০০ ডলার আয় করেন।
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের শ্রম আইন সংশোধনের মাধ্যমে কিছু উন্নতি হয়েছে বলে স্বীকার করেছে ইউএসটিআর। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এখনও প্রতিবন্ধকতা রয়েছে বলে মনে করে সংস্থাটি। তারা বলছে, বাংলাদেশের পোশাক শ্রমিকরা তাদের উৎপাদিত পণ্যের দাম অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। এতে একদিকে দেশের অভ্যন্তরীণ ভোগ ও চাহিদা সীমিত থাকছে, অন্যদিকে উৎপাদন ব্যয় কম হওয়ার সুবিধা পাচ্ছেন শিল্পমালিক ও রপ্তানিকারকরা।
বাংলাদেশ ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছে ইউএসটিআর। একদিকে চীনা কাঁচামাল ও যন্ত্রপাতির কারণে বাংলাদেশের বাজারে অ্যামেরিকান উৎপাদক ও রপ্তানিকারকদের ব্যবসার সুযোগ সংকুচিত হচ্ছে। অন্যদিকে চীনা উৎপাদন উপকরণ ব্যবহার করে বাংলাদেশে তৈরি পণ্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য বাজারে অ্যামেরিকান পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করছে।
প্রতিবেদনে বলা হয়, চীন থেকে আসা বিদেশি বিনিয়োগের ওপর যথাযথ নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের ব্যর্থতা চীনকে বাংলাদেশের শিল্প খাতের মাধ্যমে তার অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বিদেশে ছড়িয়ে দেয়ার সুযোগ করে দিচ্ছে। এতে করে অ্যামেরিকান প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতিযোগিতার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, পণ্যের মূল্যব্যবস্থায় বিকৃতি ঘটছে এবং বাংলাদেশ ও বিশ্ববাজারে অ্যামেরিকান প্রতিষ্ঠানগুলোর বিক্রি, রপ্তানি ও আয় কমছে।
ইউএসটিআর বলছে, বাংলাদেশের এসব কর্মকাণ্ড, নীতি ও চর্চা অ্যামেরিকান বাণিজ্য আইনের ৩০১(বি) ধারা অনুযায়ী অযৌক্তিক। এগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত করছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিকারমূলক বাণিজ্য ব্যবস্থা গ্রহণের ভিত্তি রয়েছে বলে মনে করছে সংস্থাটি। তবে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে কিংবা নতুন করে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে, সে বিষয়ে তদন্ত প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব করা হয়নি।
এমজে