দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা, ঋণপ্রবাহ বজায় রাখা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্যাংকিং খাত।
ব্যাংকগুলোর শাখা ও কার্যালয়ের মাধ্যমে প্রতিদিন বিপুলসংখ্যক গ্রাহক লেনদেন, সঞ্চয়, ঋণ এবং অন্যান্য আর্থিক সেবা গ্রহণ করেন। তাই ব্যাংকিং কার্যক্রমের নিরাপদ, স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন পরিবেশ বজায় রাখা দেশের অর্থনীতি ও জনস্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবকাঠামো ও স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রাহকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাংকটির স্বাভাবিক ও দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং অবশিষ্ট ১০ শতাংশ সরকারের। প্রতিষ্ঠানটি দেশের ৬৪টি জেলায় ২,৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে।
গত ১০ নভেম্বর ২০২৬ থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন জেলার মোট ১০৪টি শাখা ও কার্যালয় এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ১০ নভেম্বর ২০২৬ থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি এবং এর কার্যক্রম দেশের ৮১,৬৭৮টি গ্রামে বিস্তৃত। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯,২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫,১১৫ কোটি টাকা। এ ছাড়া প্রায় ১৫,০০০ কোটি টাকার তহবিল বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগ করা রয়েছে।
বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ সেবা গ্রহণ করতে পারছেন না। একইভাবে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণেও সংশ্লিষ্ট গ্রাহকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ফলে এসব অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয়ে সংঘটিত সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ব্যাংকের সম্পদ ও স্বাভাবিক কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করেছে। একই সঙ্গে এসব ঘটনা গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা প্রাপ্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন বলে বাংলাদেশ ব্যাংক আশা করে।
কে