দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে নকল ঘি ও নকল প্রসাধনী পণ্য বিক্রির দায়ে রাজ কুমার চৌধুরী নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাঁর প্রতিষ্ঠানের গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল ঘি ও প্রসাধনী পণ্য জব্দ করে পরে ধ্বংস করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় জেবিবিএল এন্টারপ্রাইজের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত, র্যাব-১১ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজ কুমার দীর্ঘদিন ধরে নকল ঘি ও বিভিন্ন ধরনের নকল প্রসাধনী পণ্য বিক্রি করে আসছিলেন। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর প্রতিষ্ঠানে নকল পণ্য বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল ঘি ও প্রসাধনী পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলো পরে ধ্বংস করা হয়েছে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত রাজ কুমারকে ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাজ কুমার রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আকুল চন্দ্র চৌধুরীর ছেলে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী, লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, রাজ কুমার তাঁর প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দোকানে নকল ঘি সরবরাহ করতেন। অভিযান চালিয়ে তাঁর প্রতিষ্ঠান থেকে নকল ঘি ও নকল প্রসাধনী পণ্য জব্দ করা হয়েছে। তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/