দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় দেশি-বিদেশি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে টিএমএসএসের মৈত্রী মন্দিরে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে মৈত্রী মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে ফিরে আসে। পরিবার-পরিজন থেকে দূরে বগুড়ায় অধ্যয়নরত বিদেশি সনাতনী শিক্ষার্থীরাও এতে উৎসবমুখর পরিবেশে অংশ নেন।
মৈত্রী মন্দিরের সভাপতি অসীম কুমার ঘোষের সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি ছিলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র।
বক্তব্যে তিনি বলেন, জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়ছি, কিন্তু এটি আমাদের মূল সত্তা নয়। মানুষে মানুষে সম্প্রীতি, সহমর্মিতা ও অসাম্প্রদায়িক চেতনা আমাদের মূল ভিত্তি ও শেকড়। দেশের উন্নয়নে ধর্ম, বর্ণ ও জাতিগত বৈষম্যের ঊর্ধ্বে উঠে সবার অবদান রাখতে হবে।
তিনি আরও বলেন, টিএমএসএস শুরু থেকেই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ করে আসছে। টিএমএসএস মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভারত, নেপালসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। তাদের সুবিধার কথা বিবেচনা করে মৈত্রী মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে প্রার্থনা করতে পারবেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গৌতম কুমার, টিএমএসএস মহিলা মার্কেটের উপদেষ্টা ববিতা রানী বর্মন, টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল, মৈত্রী মন্দিরের সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র বর্মন ও মন্দিরের পুরোহিত পিন্টু গোস্বামীসহ অনেকে।
বিশ্বশান্তি ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে জন্মাষ্টমীর এ আয়োজনে দেশ ও মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেলে বিশেষ পূজা-অর্চনা এবং সন্ধ্যায় প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই মৈত্রী মন্দিরে এমন আয়োজন হওয়ায় খুশি টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারত, নেপালসহ বিভিন্ন দেশের সনাতনী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, তাঁদের অধিকাংশই বৃত্তির সুবিধা নিয়ে টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যয়ন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে তাঁরা উপবাস করেন। মৈত্রী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে এত বড় আয়োজন হবে, তা তাঁদের কল্পনাতীত ছিল। অসাম্প্রদায়িক পরিবেশে নিজেদের ধর্মীয় প্রার্থনার সুযোগ পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত।
এমএস/