দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নানা আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে।
দিনটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শহরের মওলানা ভাসানী ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ভিপি অমর কৃষ্ণ দাসের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে শুরু হওয়া শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ অংশ নেন। শ্রীকৃষ্ণের বাল্যকাল, মাখন চুরি ও কালীয়দমনসহ বিভিন্ন ধর্মীয় রূপক ও প্রতীকী সাজে সেজে শিশুরা শোভাযাত্রায় অংশ নেয়। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তদের ধর্মীয় সংগীত ও হরিনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে পুরো শহর।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।
আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা বলেন, দ্বাপর যুগে অধর্ম, অন্যায় ও অসুর শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও মানবকল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাঁর প্রেম, সাম্য ও ন্যায়ের আদর্শ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল বার্তা।
জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার পাশাপাশি জেলার বিভিন্ন মন্দিরে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, বিশেষ পূজা-অর্চনা, কীর্তন, ভোগ আরতি ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।
এমএস/