দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সার্ফিংয়ের মতো চ্যালেঞ্জিং সমুদ্র ক্রীড়ায় এবার ইতিহাস গড়তে যাচ্ছেন কক্সবাজারের মেয়ে ফাতেমা আক্তার। জাপানের আইচি-নাগোয়ায় সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসে সার্ফিংয়ে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন এই নারী সার্ফার। তিনি আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম বাংলাদেশি নারী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন।
এশিয়ান গেমসকে সামনে রেখে কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিদিন ভোর থেকে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা। দেশের প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক মঞ্চে লাল-সবুজের পতাকা তুলে ধরার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ফাতেমা আক্তারের পৈতৃক বাড়ি মহেশখালীতে। তাঁর বাবা ফকির আহমদ জীবিকার প্রয়োজনে পরিবার নিয়ে পরে কক্সবাজার শহরে চলে আসেন। বর্তমানে তাঁরা শহরের একটি এলাকায় বসবাস করছেন। চার ভাই-বোনের মধ্যে ফাতেমা তৃতীয়।
সাধারণ ও সুবিধাবঞ্চিত একটি পরিবার থেকে উঠে এসে নানা সামাজিক বাধা ও প্রতিকূলতা পেরিয়ে সার্ফিংয়ে নিজের অবস্থান তৈরি করেছেন এই তরুণী। সার্ফিংয়ের দীর্ঘ ও কঠিন যাত্রায় তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সমর্থনের উৎস ছিলেন তাঁর মা।
বর্তমানে বাংলাদেশ সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবের প্রধান কোচ রাশেদ আলমের নিবিড় তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন ফাতেমা। অনুশীলনে তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন সহ-সার্ফার মোহাম্মদ মান্নান। প্রতিদিন সাগরের বিশাল ঢেউ জয় করে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।
ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, এশিয়ান গেমসের বড় মঞ্চে ফাতেমার অংশগ্রহণ বাংলাদেশের নারী সার্ফিংয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। প্রতিকূলতাকে জয় করে উঠে আসা কক্সবাজারের এই তরুণীর আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক দেশের ক্রীড়াঙ্গনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
এমএস/