দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা সহজ ও ডিজিটাল করা গেলে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়ার পথ আরও সহজ হবে বলে মন্তব্য করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
রোববার দুপুরে বরিশালে ইউনিয়ন পরিষদের হিসাবসহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আয়োজিত গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সরকার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ইউরোপীয় ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বরিশালস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে বরিশাল বিভাগের বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তারা অংশ নেন।
বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, গ্রামের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত ব্যবস্থাকে আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করতে হবে। তথ্য ব্যবস্থাপনা ডিজিটাল করা গেলে গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা সহজ হবে এবং এর কার্যকারিতাও বাড়বে।
তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কম্পিউটারভিত্তিক গ্রাম আদালত ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে ধারণা পাবেন। প্রশিক্ষণ শেষে তাঁরা ইউনিয়ন পর্যায়ে তা বাস্তবায়নের মাধ্যমে গ্রাম আদালতের সেবা আরও গতিশীল করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি বলেন, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত কার্যকর করার বিধান রয়েছে। বর্তমান প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে গ্রাম আদালতের তথ্য সংরক্ষণ, পরিবীক্ষণ ও ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করা।
তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বরিশালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) উপমা ফারিসা। তিনি প্রশিক্ষণকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা, ইউএনডিপির এমআইএস বিশেষজ্ঞ আরিফ হোসেন, এইচআর বিশেষজ্ঞ উমা দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজক সূত্র জানায়, আগামী ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার মোট ২৭৫ জন অংশগ্রহণকারী ১৪টি ব্যাচে ধারাবাহিকভাবে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে অংশ নেবেন।
এমএস/