দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে কলমাকান্দায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল-মামুন।
কায়সার কামাল বলেন, টাকার বিনিময়ে ভাতা বা কার্ড বিতরণের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভাগীয় মামলা করা হবে। কার্ড বিতরণের ক্ষেত্রে প্রান্তিক, ক্ষুদ্র ও প্রকৃত অসহায় কৃষকদের অগ্রাধিকার দিতে হবে। কোনোভাবেই দোতলা ভবনের মালিক কিংবা অকৃষকদের এ সুবিধা দেওয়া যাবে না।
তিনি বলেন, জনপ্রতিনিধি, ইউএনও ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে স্বচ্ছ কমিটির মাধ্যমে কার্ড বিতরণ করতে হবে। ফ্যামিলি ও কৃষি কার্ড সরকারের গুরুত্বপূর্ণ ‘সিগনেচার প্রজেক্ট’। এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, জনগণের করের টাকায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন দেওয়া হয়। তাই কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। দায়িত্ব পালনে যারা সততা ও নিষ্ঠা দেখাতে পারবেন না, তাদের স্বেচ্ছায় চাকরি থেকে সরে যাওয়ার পরামর্শ দেন তিনি।
‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ এ নীতি সামনে রেখে হাওর ও পাহাড়বেষ্টিত কলমাকান্দার কৃষির উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান কায়সার কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলায় প্রদর্শিত কৃষি প্রযুক্তি ও বিভিন্ন কৃষি উপকরণের প্রদর্শনী পরিদর্শন করেন।
যে আই