দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল আউয়াল, উখিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার, কক্সবাজার সিটি কলেজের শিক্ষকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আইয়ুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনের শুরুতে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তারের নেতৃত্বে নিবাসী শিশুরা ফুল দিয়ে পরিচালককে স্বাগত জানায়। পরে কেন্দ্রের ছাদবাগানে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর শিশুদের প্রকাশিত দেয়ালিকা ‘আলোর পথযাত্রী’-এর ২৪তম সংখ্যা উন্মোচন করেন।
পরিচালকের আগমন উপলক্ষে কেন্দ্রে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেসমিন আক্তারের সঞ্চালনায় নিবাসী শিশু নিজাম উদ্দিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল আউয়াল।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রের নিবাসী শিশু এবং কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উর্মি সাদিয়া। নিজের জীবনের সংগ্রামের কথা তুলে ধরলে উপস্থিত অতিথিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এরপর নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশুদের পরিবেশনা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানের শেষ পর্বে শিশুরা তাদের নিজ হাতে তৈরি পুঁতির ওয়াল শোপিস পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের হাতে তুলে দেয়। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে পরিচালক কেন্দ্রের আবাসন ব্যবস্থা, অফিস ব্যবস্থাপনা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন। কেন্দ্রের সার্বিক পরিবেশ ও সেবার মানে সন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন ও পথশিশুদের নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবনদক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, বিনোদন এবং কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন ও সমাজের মূলধারায় পুনঃএকত্রীকরণের লক্ষ্যে সমন্বিত সেবা প্রদান করে আসছে।
কেএম