দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাইস মিলের মালিক মোহাম্মদ আলী সরকারকে হত্যা এবং ট্রান্সফরমার লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের চার দিন পর পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ উপজেলার পুটখোর গ্রামের শফিকুল ইসলাম (৪৩) এবং কাঠগড়া গ্রামের আব্দুল আলিম (৪০)। শুক্রবার (১০ জুলাই) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ৫ জুলাই রাতে বাড়িতে খাবার খেয়ে নিজের রাইস মিলে পাহারা দিতে যান মোহাম্মদ আলী সরকার। গভীর রাতে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে পাঁচ থেকে ছয়জনের একটি দল মিলে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গেলে দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মিল থেকে তিনটি ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয়রা মিলের ভেতরে মোহাম্মদ আলী সরকারের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় ডাকাতিসহ হত্যা মামলা দায়ের করা হয়।
ওসি মো. শাহীনুজ্জামান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। এছাড়া তারা ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কেও তথ্য দিয়েছেন।
তিনি জানান, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
এমএম/