দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলম (৩৫) আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই জলিল মিয়া জানান, বর্ষায় রাস্তা ভেঙে যাওয়ায় পাশের বাড়ির ফজর আলী নামে এক ব্যক্তি আব্দুল মালেকের বাড়ির বারান্দায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতেন। রাতভর চার্জ শেষে তিনি জানালার গ্রিলে মাল্টিপ্লাগ ঝুলিয়ে রেখে অটোরিকশা নিয়ে চলে যান। শুক্রবার দুপুরে মাল্টিপ্লাগ খুলতে গিয়ে আব্দুল মালেক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী ও ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত শাহেরা খাতুন ও শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক আসরাফ উদ্দিন জানান, আহত শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। ঘটনাটি নিয়ে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএম/