দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শেরপুরে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকভর্তি গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া গরুর মধ্যে দুটি জীবিত ও পাঁচটি মৃত গরু এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ইকবাল বাহার।
তিনি জানান, গত ৯ জুলাই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ হাট থেকে ১২টি গরু কিনে ট্রাকে করে কুমিল্লার উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী মো. জামাল উদ্দিন। রাত আনুমানিক ৯টার দিকে ট্রাকটি বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সামনে ব্যারিকেড দেয়। এরপর ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল ট্রাকের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে চালক, সহকারী ও ব্যবসায়ীকে মারধর করে জিম্মি করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা প্রায় ১৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১২টি গরু, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই শেরপুর থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়।
ঘটনার পর পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের নির্দেশনায় শেরপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে প্রথমে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে দিনাজপুরের আব্দুস সালাম সরকার (৩৫) এবং মানিকগঞ্জের বুলু মিয়া (২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক এবং ট্রাকে থাকা পাঁচটি মৃত গরু উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ জুলাই রাত ১টা ৪৫ মিনিটে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মানিকগঞ্জের মহিদুল (৩৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে লুট হওয়া দুটি জীবিত গরু উদ্ধার করা হয়েছে।
ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, গ্রেপ্তার মহিদুলের বিরুদ্ধে আগে থেকেই একটি চুরির মামলা বিচারাধীন রয়েছে। তিনি বলেন, ‘এই চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এমএম/