দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জলঢাকা পেট্রোল পাম্প ও জলঢাকা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ আদেশ কার্যকর থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিবেদনের ভিত্তিতে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইক বা শব্দবর্ধক যন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরাও মাঠে রয়েছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, ‘দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষের আশঙ্কা রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
এমএস/