দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীতে মাদক মামলার আসামি সুজন ইসলাম (৩৪) গ্রেপ্তারের পর তাকে আদালতে নেওয়ার সময় মুক্তির দাবিতে হট্টগোলের অভিযোগ উঠেছে তার স্বজন ও স্থানীয়দের বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সৈয়দপুর থেকে সুজন ইসলামকে গ্রেপ্তার করে। তিনি ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী পূর্ব দোহলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
পরে শনিবার দুপুরে সুজনকে আদালতে নেওয়ার সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ের মূল ফটকের সামনে তার স্বজন ও স্থানীয়রা জড়ো হয়ে মুক্তির দাবিতে হট্টগোল করেন। এ সময় তারা পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পুলিশের। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করে।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ডিমলা থানা এলাকার এক আসামিকে ডিবি পুলিশ আদালতে নেওয়ার সময় স্বজন ও স্থানীয়রা হট্টগোল করে পুলিশের কাজে বাধা দেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সুজন ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মামলা রয়েছে। নথিতে ২০১৮ ও ২০২১ সালে নীলফামারী সদর থানায় এবং ২০২১ সালে ঢাকার দারুস সালাম থানায় করা মামলার তথ্য উল্লেখ রয়েছে। এর মধ্যে একটি মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে।
এমএস/