দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে জেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার মুসল্লি অংশ নেন।
এবার শোলাকিয়ার ১৯৯তম ঈদুল আজহার জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঈদগাহ ময়দানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।
রীতি অনুযায়ী জামাত শুরুর আগে ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। ভোর থেকেই দলে দলে মুসল্লিরা মাঠে আসতে শুরু করেন। বৃষ্টিতে ভিজেও জামাতে অংশ নিতে দেখা যায় তাদের।
ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিদের মাঠে প্রবেশ করতে হয়েছে। জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু নিয়ে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।
মুসল্লিদের সুবিধার্থে প্রতি বছরের মতো এবারও ময়মনসিংহ ও ভৈরব থেকে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চালানো হয়।
ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় ওয়াচ টাওয়ার, ড্রোন ক্যামেরা ও সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়। পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও দায়িত্ব পালন করেন।
এমএস/