দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চাচার বিরুদ্ধে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৩৫) একই এলাকার সাফি উদ্দিনের ছেলে। অভিযুক্ত মরম আলী আব্দুল হেকিমের ছেলে এবং সম্পর্কে নিহতের চাচা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-দরবার হলেও কোনো সমাধান হয়নি। বরং সময়ের সঙ্গে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।
শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিকেলে স্থানীয় চটান পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ের সিঁড়িতে আনোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় অভিযুক্ত মরম আলী ঘটনাস্থলে উপস্থিত থেকে কাউকে আহত আনোয়ারের কাছে যেতে দেননি এবং ভয়ভীতি দেখিয়ে সময়ক্ষেপণ করেন। খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের মা শিরিনা আক্তার অভিযোগ করে বলেন, “আমরা দুপুরে বাড়িতে ছিলাম না। সেই সুযোগে মরম আলী ও তার লোকজন বাড়িতে ঢুকে আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে স্কুলের বারান্দায় ফেলে রেখে মৃত্যু নিশ্চিত করে।”
নিহতের বোন সালমা আক্তার বলেন, “পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় তাকে দীর্ঘ সময় ফেলে রেখে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।”
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই