দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হন। পরে আহত এক শিশুকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী শাওন ঢালীর পরিচয় পাওয়া গেছে। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার বাসিন্দা। বাকি নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামুল হুদা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পুলিশ সুপার হাবীবুল্লাহ বলেন, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক।
স্থানীয়রা বলছেন, বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের প্রতিযোগিতার কারণেই মহাসড়কে প্রাণহানি বাড়ছে। দুর্ঘটনা রোধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
এমএস/