দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কে কোরবানির গরুবাহী পিকআপের সঙ্গে নসিমন-টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ সময় পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটি গুরুতর আহত হলে সেগুলোকে তাৎক্ষণিক জবাই করা হয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে বাজিতপুর উপজেলার কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কের পিরিজপুর দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই পিকআপচালক রাজিব (৩৫) নিহত হন। তিনি পাশ্ববর্তী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাব্বাপাড়া গ্রামের মজলিস মিয়ার ছেলে। আহত গরুর ব্যবসায়ী হারুন মিয়াসহ অন্যদের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের রসুলপুর এলাকায়। তাদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. খোরশেদ আলম বলেন, ‘গরুবাহী পিকআপের সঙ্গে নসিমনের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’
পিরিজপুর বাজার বণিক সমিতির সদস্য কবির মিয়া স্থানীয় লোকজনের বরাতে জানান, কটিয়াদী থেকে গরুভর্তি একটি পিকআপ ভৈরবের একটি হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি খালি নসিমন-টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তিনি আরও জানান, পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটির অবস্থা গুরুতর হওয়ায় মালিকের অনুমতিতে সেগুলো জবাই করা হয়েছে।
/অ