দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, নিকলী উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে তাঁর ছোট ভাইয়ের স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে শারীরিকভাবে নির্যাতনেরও অভিযোগ রয়েছে।
বাদীর স্বামী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। তাঁদের দুই শিশুসন্তান রয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে বাদীর স্বামী কর্মস্থলে চলে গেলে তিনি দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে যান। পরে ঘরে ফেরার সময় দরজার আড়ালে ওত পেতে থাকা জামাল উদ্দিন তাঁকে জাপটে ধরেন।
এ সময় জামাল উদ্দিন ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর দুই শিশুসন্তানের ঘুম ভেঙে যায়। তারা কান্নাকাটি ও চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন। এ সময় জামাল উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে বাদীর অভিযোগ।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার পর ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এরপর গত ১ অক্টোবর তিনি আদালতে মামলা করেন।
এদিকে স্থানীয়দের বরাতে এজাহারে জামাল উদ্দিনের বিরুদ্ধে অতীতেও নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের দাবি, ২০২৩ সালে নিকলীর জারইতলা ইউনিয়নের ধারিশ্বর গ্রামে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁকে আটকের ঘটনা ঘটে। ২০২৪ সালে নিকলী সদর ইউনিয়নের কুর্শা গ্রামেও একই ধরনের ঘটনায় তাঁকে আটকের অভিযোগ রয়েছে। এ ছাড়া ২০২২ সালে কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর সঙ্গে এবং গত বছর করিমগঞ্জ উপজেলার গুণধর এলাকায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁকে আটকের অভিযোগ রয়েছে স্থানীয়দের।
তবে এসব অভিযোগের বিষয়ে জামাল উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এমএস/