দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ওপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে গেছেন।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় এসেছি তিন মাস হলো। এখনো ঠিকভাবে হিসাব-নিকাশ নিতে পারিনি। হিসাব করতে গিয়ে দেখলাম, বাংলাদেশের ২০ কোটি মানুষের মাথাপিছু দেড়শ’ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে গেছে হাসিনা সরকার।
তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে আগের সরকার। সেই পরিস্থিতির মধ্যেই আমরা দায়িত্ব নিয়েছি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে টুকু বলেন, জামায়াত ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, হইচই করে লাভ নেই। যাকে দিলে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকবে, তাকেই মনোনয়ন দিতে হবে। ব্যক্তি বা আত্মীয়তার ভিত্তিতে বিভক্ত হওয়া যাবে না।
তিনি আরও বলেন, চেয়ারম্যান ও সদস্য পদে বিএনপি থেকে একজন করেই প্রার্থী দেওয়া হবে। যারা শুধু দরবার-সালিশ করেছেন, তারা নির্বাচন না করলেই ভালো।
কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাকিল হায়দার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জে আই