দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলা্ই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ এবং ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারণ গ্রামাঞ্চলে অধিকাংশ পরিবার ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না। প্রান্তিক মানুষ যেন কষ্ট না পায়, সেটিই আমরা বিবেচনায় রেখেছি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করছেন। সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা সবাই পরীক্ষা দিয়ে পাস করেছি। পরীক্ষার হলে নকল বা অনিয়ম করতে না দেওয়া কোনো আন্দোলনের বিষয় হতে পারে না।’
নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। সৌরবিদ্যুৎ উৎপাদনে জ্বালানির খরচ নেই। এতে জ্বালানি আমদানির ব্যয় কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।’
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এমএম/